নিজস্ব প্রতিবেদক :
সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনের সংসদ সদস্য মুফতি মাওলানা আবুল হাসান কানাইঘাটে সুরমা নদীর ভয়াবহ ভাঙনকবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন। সোমবার (১১ মে) বিকেল ৩টায় নৌকাযোগে তিনি পৌরসভার বায়মপুর, গৌরিপুর, লক্ষীপুর, ডালাইচর এবং সদর ইউনিয়নের গৌরিপুর, কুওরঘড়ি ও গোসাইনপুর গ্রামের নদীভাঙন কবলিত এলাকা ঘুরে দেখেন।
পরিদর্শনকালে স্থানীয় বাসিন্দারা এমপির কাছে নদীভাঙনের ভয়াবহ চিত্র তুলে ধরে জানান, সুরমা নদীর অব্যাহত ভাঙনে প্রতিনিয়ত বাড়ি-ঘর, ফসলি জমি ও বসতভিটা নদীগর্ভে বিলীন হচ্ছে। অনেক পরিবার ইতোমধ্যে নিঃস্ব হয়ে পড়েছে। দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য তারা সংসদ সদস্যের প্রতি আহ্বান জানান।
এসময় মুফতি আবুল হাসান বলেন, “কানাইঘাট-জকিগঞ্জ অঞ্চলের অন্যতম প্রধান সমস্যা হচ্ছে নদীভাঙন। বিষয়টি আমি জাতীয় সংসদে উত্থাপন করেছি এবং পানি সম্পদ মন্ত্রীর সাথেও আলোচনা করেছি।”
তিনি আরও জানান, সরকার ইতোমধ্যে সুরমা-কুশিয়ারা নদীর ভয়াবহ ভাঙনরোধে ৫ কিলোমিটার এলাকায় টেকসই বেড়িবাঁধ নির্মাণ প্রকল্প হাতে নিয়েছে। পর্যায়ক্রমে কানাইঘাটের ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতেও স্থায়ী প্রতিরক্ষা ব্যবস্থা বাস্তবায়ন করা হবে বলে তিনি আশ্বাস দেন।
পরিদর্শনের সময় সংসদ সদস্য পানি উন্নয়ন বোর্ডের অর্থায়নে নির্মিত সুরমা ডাইকের কয়েকটি বেড়িবাঁধ ও কাঁচা রাস্তার কাজ পরিদর্শন করেন। পাশাপাশি পৌরসভার পানি শোধনাগার প্রকল্পের অগ্রগতিও ঘুরে দেখেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাপস চক্রবর্তী তুষার, পানি উন্নয়ন বোর্ডের কানাইঘাটের এসও শওকত, উপজেলা খেলাফত মজলিসের সভাপতি আমানুর রহমান চৌধুরী, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা ফয়ছল আহমদ, পৌর বিএনপির সভাপতি নুরুল হোসেন বুলবুল, সাধারণ সম্পাদক নজরুল ইসলামসহ উপজেলা খেলাফত মজলিসের বিভিন্ন নেতৃবৃন্দ।

0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়