নিজস্ব প্রতিবেদক :
বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে সিলেটের কানাইঘাট উপজেলায় শুরু হয়েছে বৃহৎ পরিসরের খাল পুনঃখনন কার্যক্রম। প্রায় ২ কোটি ৩১ লাখ টাকা ব্যয়ে কানাইঘাট সদর ইউনিয়ন ও লক্ষীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের ওপর দিয়ে প্রবাহিত নকলাখালের আমরী সুইচ গেইট থেকে কৃষ্ণপুর গ্রাম পর্যন্ত ৩ কিলোমিটার অংশের পুনঃখনন কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ মে) সকাল সাড়ে ১১টায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খনন কাজের উদ্বোধন করেন কানাইঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মেহেদী হাসান শাকিল।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মামুন রশিদ মামুন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাপস চক্রবর্তী তুষার, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সুবল চন্দ্র বর্মন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তাপষ চক্রবর্তী, লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপির চেয়ারম্যান মাওলানা জামাল উদ্দিন, কানাইঘাট পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সদর ইউপি বিএনপির সভাপতি ও প্রকল্প কমিটির সভাপতি নিজাম উদ্দিন মেম্বার, প্রকল্প কমিটির সেক্রেটারি ইউপি সদস্য বদরুল ইসলামসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং উপজেলা প্রশাসনের বাস্তবায়নে অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি)-এর আওতায় অগ্রাধিকার ভিত্তিতে এ খাল পুনঃখনন কাজ শুরু হয়েছে। এর মাধ্যমে যেমন খালের পানিপ্রবাহ সচল হবে, তেমনি এলাকার শতাধিক দরিদ্র মানুষের কর্মসংস্থানের সুযোগও সৃষ্টি হবে।
উদ্বোধনী বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান শাকিল বলেন,“বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান খাল পুনঃখননের মতো যুগান্তকারী উদ্যোগ গ্রহণ করেছেন। এর মাধ্যমে দেশের কৃষি খাতে নতুন বিপ্লব ঘটবে। ইতোমধ্যে দেশের বিভিন্ন স্থানে খাল খনন কার্যক্রম শুরু হয়েছে। তারই ধারাবাহিকতায় কানাইঘাটের নকলাখালের পুনঃখনন কাজ শুরু করা হয়েছে।”
তিনি আরও জানান, কানাইঘাট উপজেলার বিভিন্ন খালের তালিকা ইতোমধ্যে সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে এবং পর্যায়ক্রমে উপযুক্ত খালগুলোতেও খনন কাজ শুরু হবে। এ প্রকল্প বাস্তবায়নের ফলে কৃষকরা সেচ সুবিধা পাবেন, ধান ও শাক-সবজি উৎপাদন বৃদ্ধি পাবে এবং বর্ষা মৌসুমে পাহাড়ি ঢলের পানি দ্রুত হাওড়ে নেমে গিয়ে জলাবদ্ধতা কমবে। পাশাপাশি সারা বছর পানিপ্রবাহ স্বাভাবিক থাকবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
উপজেলা বিএনপির সভাপতি মামুন রশিদ মামুন বলেন,“শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সর্বপ্রথম খাল খনন কর্মসূচি চালু করেছিলেন। তাঁরই সুযোগ্য সন্তান বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান সেই কার্যক্রমকে নতুনভাবে এগিয়ে নিচ্ছেন। দেশের বিভিন্ন স্থানের মতো কানাইঘাটেও এ কর্মসূচির আওতায় নকলাখাল খননের কাজ শুরু হয়েছে। আমরা চাই প্রকল্পটি স্বচ্ছ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হোক।”
জানা গেছে, ৪৩ দিনের মধ্যে খনন কাজ সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। প্রকল্পে প্রতিদিন যান্ত্রিক সরঞ্জামের পাশাপাশি ৫৩৫ জন শ্রমিক কাজ করবেন। জনপ্রতি দৈনিক ৫০০ টাকা মজুরিতে মোট ১ লাখ ৬ হাজার ২৪০.১৩৬ ঘনমিটার মাটি খনন করা হবে।

0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়