Sunday, May 10

কানাইঘাটে পুলিশের অভিযানে দুই মা/দক ব্যবসায়ী গ্রে/ফ/তা/র


নিজস্ব প্রতিবেদক:

সিলেটের কানাইঘাটে পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও ভারতীয় মদসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (৯ মে) বিকেলে কানাইঘাট থানা পুলিশ পৃথক অভিযান পরিচালনা করে দুইজনকে আটক করে। এর মধ্যে বড়বতুল ইউনিয়নের রায়পুর গ্রামের তবারক আলীর ছেলে ও এলাকার চিহ্নিত ইয়াবা ব্যবসায়ী সফিক আহমদ ওরফে পঁচাই মিয়া (৪৭)-কে ১৫০ পিস ইয়াবাসহ নিজ বাড়ি থেকে হাতেনাতে গ্রেফতার করেন থানার এসআই শৈলেস চন্দ্র দাসের নেতৃত্বাধীন একদল পুলিশ।

অপরদিকে, কানাইঘাট সদর ইউনিয়নের চাউরা উত্তর গ্রামে অভিযান চালিয়ে বীরদল ভাড়ারীফৌদ গ্রামের মৃত সমছুল হকের ছেলে বিল্লা হোসেন (৩৭)-কে ৬ বোতল ভারতীয় “অফিসার্স চয়েস” মদসহ আটক করেন থানার এসআই সাইদুল হক ও সঙ্গীয় ফোর্স।

উদ্ধারকৃত মাদকদ্রব্যের ঘটনায় গ্রেফতার দুই ব্যক্তির বিরুদ্ধে কানাইঘাট থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, সফিক আহমদ ওরফে পঁচাই মিয়া দীর্ঘদিন ধরে অভিনব কৌশলে এলাকায় ইয়াবা ব্যবসা পরিচালনা করে আসছিলেন।

এদিকে রবিবার (১০ মে) দুপুরে কানাইঘাটের সীমান্তবর্তী দনা এলাকায় পৃথক অভিযান চালায় বিজিবি। দনা বিজিবি ক্যাম্পের সদস্যরা সেখানে পরিত্যক্ত অবস্থায় ৬০০ পিস ইয়াবা উদ্ধার করে জব্দ করেন। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালিয়ে যায়।

কানাইঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম বলেন, “মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। সমাজ থেকে মাদক নির্মূলে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।”


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়