Monday, May 11

দালাল’ আখ্যার প্রতিবাদে কানাইঘাটে ফারিয়ার মানববন্ধন


নিজস্ব প্রতিবেদক :

বাংলাদেশে কর্মরত ঔষধ কোম্পানির প্রতিনিধিদের পেশাগত মর্যাদা রক্ষা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবিতে সিলেটের কানাইঘাটে প্রতিবাদী মানববন্ধন কর্মসূচি পালন করেছে ঔষধ কোম্পানির প্রতিনিধিদের সংগঠন “কানাইঘাট মডেল ফারিয়া”।

সোমবার (১১ মে) সকাল ১১টায় কানাইঘাট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা সম্প্রতি ঢাকা মেডিকেলে ঔষধ কোম্পানির প্রতিনিধিদের ‘দালাল’ আখ্যায়িত করে হেনস্তা ও অসৌজন্যমূলক আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

কানাইঘাট মডেল ফারিয়ার সভাপতি আবু হানিফ জোমাদ্দারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল হাকিমের পরিচালনায় মানববন্ধনে বক্তারা বলেন, ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারা দেশের ন্যায় কানাইঘাটেও এ মানববন্ধন পালন করা হয়েছে।

বক্তারা আরও বলেন, দেশে প্রায় সাড়ে ৪ লাখ উচ্চশিক্ষিত যুবক বিভিন্ন ঔষধ কোম্পানিতে কর্মরত রয়েছেন। তারা নিরলস পরিশ্রমের মাধ্যমে মানুষের স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পাশাপাশি রাষ্ট্রীয় রাজস্ব আদায়েও অবদান রাখছেন। অথচ একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই পেশাজীবীদের ‘দালাল’ আখ্যা দিয়ে সম্মানহানি করার অপচেষ্টা চালাচ্ছে।

তারা কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত ও পেশার মর্যাদা রক্ষায় সরকারের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবরে একটি স্মারকলিপি প্রদান করেন ফারিয়ার নেতৃবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন ফারিয়ার নেতৃবৃন্দ জাহিদ আল ফারুক, মোহাম্মদ জাকিউল ইসলাম, বিলাল সরকার, আব্দুর রশিদ, মোহাম্মদ রুজ বেল্ট মিয়া, মোহাম্মদ শামসুর রহমান, আনোয়ার হোসেন, বাবু মিলন রায়, মাসুদ রানা, ইসমাইল আলী ও রাজিব বিশ্বাসসহ অন্যান্যরা।

মানববন্ধনে একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি নিজাম উদ্দিন।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়