নিজস্ব প্রতিবেদক :
সিলেট রেঞ্জের নবাগত ডিআইজি ড. জিল্লুর রহমানের সার্বিক দিকনির্দেশনায় পুলিশ সপ্তাহ-২০২৬ উপলক্ষে কানাইঘাট থানা পুলিশের উদ্যোগে ব্যাপক মোবিলাইজেশন কার্যক্রম ও বিশেষ চেকপোস্ট পরিচালনা অব্যাহত রয়েছে। দৃশ্যমান টহল ও কঠোর নজরদারির কারণে জনমনে ফিরে এসেছে স্বস্তি ও নিরাপত্তাবোধ।
কানাইঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আমিনুল ইসলামের নেতৃত্বে থানা পুলিশের একাধিক টিম উপজেলার গুরুত্বপূর্ণ বাজার, প্রধান সড়ক, জনবহুল এলাকা এবং সীমান্তবর্তী বিভিন্ন পয়েন্টে বিশেষ টহল ও চেকপোস্ট পরিচালনা করছে।
এ কার্যক্রমের আওতায় যানবাহন তল্লাশি, সন্দেহভাজন ব্যক্তিদের যাচাই-বাছাই, অপরাধপ্রবণ এলাকায় নজরদারি বৃদ্ধি, মাদক ও চোরাচালান প্রতিরোধে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সপ্তাহকে সামনে রেখে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধ নিয়ন্ত্রণে রাখতে এ বিশেষ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।
নিয়মিত মোবিলাইজেশন কার্যক্রমের ফলে এলাকায় চুরি, ছিনতাই, মাদক ব্যবসা ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড উল্লেখযোগ্যভাবে কমে এসেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। বিশেষ করে রাত্রীকালীন সময়ে পুলিশের সক্রিয় উপস্থিতি সাধারণ মানুষের মাঝে বাড়িয়েছে নিরাপত্তাবোধ।
স্থানীয়দের ভাষ্য, “থানা পুলিশের দৃশ্যমান টহল ও বিশেষ চেকপোস্টের কারণে এখন আগের তুলনায় অনেক বেশি স্বস্তিতে চলাফেরা করা যাচ্ছে।”
কানাইঘাট থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের বিশেষ অভিযান ও চেকপোস্ট কার্যক্রম আরও জোরদার করা হবে। পাশাপাশি যেকোনো অপরাধ সংক্রান্ত তথ্য দ্রুত পুলিশকে জানিয়ে সহযোগিতা করার জন্য সবার প্রতি আহ্বান জানানো হয়েছে।
“জনসেবাই পুলিশের প্রধান অঙ্গীকার”এই প্রতিপাদ্যকে সামনে রেখে কানাইঘাট থানা পুলিশ জননিরাপত্তা নিশ্চিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে জানান থানার ওসি মোঃ আমিনুল ইসলাম।
তিনি বলেন,"পুলিশ সবসময় জনসাধারণকে সেবা প্রদান ও জানমালের নিরাপত্তা নিশ্চিতে কাজ করে যাচ্ছে। পুলিশ সপ্তাহ উপলক্ষে সেবার পরিধি আরও বাড়ানো হয়েছে।”

0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়