Sunday, May 10

কানাইঘাটে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের কমিটি গঠন উপলক্ষে মতবিনিময় সভা


নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের কানাইঘাট উপজেলা ও পৌর শাখার কমিটি গঠনের লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১০ মে) বিকেল ৩টায় উপজেলার শ্রী শ্রী বামজঙ্ঘা মহাশক্তি পীঠ কালী মন্দির প্রাঙ্গণে এ সভার আয়োজন করা হয়। বামজঙ্ঘা কালী মন্দির পরিচালনা কমিটির আহ্বায়ক ডা. মানিক লাল দাসের সভাপতিত্বে এবং মাষ্টার প্রসাদ চন্দ্র দাসের সঞ্চালনায় সভাটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট সিলেট জেলা শাখার সদস্য সচিব ও সাবেক ছাত্রনেতা কল্লোল জ্যোতি বিশ্বাস। প্রধান বক্তা ছিলেন সংগঠনের জেলা শাখার যুগ্ম আহ্বায়ক ফনি পুরকায়স্থ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন যুগ্ম আহ্বায়ক পানেশ দেব ও বাপ্পু দত্ত।

এছাড়া সভায় বক্তব্য রাখেন কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি নিজাম উদ্দিনসহ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান সম্প্রদায়ের বিভিন্ন নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, দেশে সকল ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে এবং ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে সমাজ উন্নয়নে সবাইকে একসাথে কাজ করতে হবে।

প্রধান অতিথি কল্লোল জ্যোতি বিশ্বাস বলেন, ১৯৮৮ সালে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টানসহ ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অধিকার আদায় ও সামাজিক উন্নয়নের লক্ষ্যে এই সংগঠন প্রতিষ্ঠিত হয়। তিনি আরও বলেন, বর্তমান সময়ে ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য আরও সুদৃঢ় করা প্রয়োজন।

তিনি নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে স্থানীয় সকল ধর্মীয় ও সামাজিক সংগঠনের সাথে সুসম্পর্ক বজায় রেখে জনগণের অধিকার আদায়ে কাজ করার আহ্বান জানান। সভায় সনাতন ধর্মাবলম্বী বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়