নিজস্ব প্রতিবেদক :
সিলেটের কানাইঘাট উপজেলায় প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প খাল খনন ও বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহদী হাসান শাকিলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন।
সভায় ইউএনও মো. মেহদী হাসান শাকিল বলেন, প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্পের অংশ হিসেবে সারা দেশের ন্যায় কানাইঘাটেও খাল খনন কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। পাশাপাশি খুব শিগগিরই সরকার ও স্থানীয় জনগণের অংশগ্রহণে উপজেলাব্যাপী ১ লাখ গাছের চারা রোপণ কর্মসূচি শুরু হবে।
তিনি আরও বলেন, কৃষি বিপ্লব ও জনকল্যাণকে গুরুত্ব দিয়ে স্থানীয় জনগণের মতামতের ভিত্তিতে যাচাই-বাছাই করে খাল খনন কার্যক্রম চলমান থাকবে। এসব উন্নয়নমূলক কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন তিনি।
সভায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিরা বলেন, নকলা খাল খনন প্রকল্প দ্রুত বাস্তবায়ন করতে হবে। তারা প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প বাস্তবায়নে কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি না করতে সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান। একইসঙ্গে ব্যক্তিস্বার্থ বা প্রতিহিংসার কারণে কেউ যাতে এসব উন্নয়ন কার্যক্রমে বাধা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে প্রশাসনের কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জানান বক্তারা।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাপস চক্রবর্তী তুষার, কানাইঘাট থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি মামুন রশিদ মামুন,সহ-সভাপতি আলমাছ উদ্দিন চৌধুরী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাজ উদ্দিন সাজু, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা ফয়ছল আহমদ, উপজেলা প্রকৌশলী আবু হানিফা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তাপস চক্রবর্তী, লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপির চেয়ারম্যান মাওলানা জামাল উদ্দিন, দিঘীরপাড় ইউপির চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী, বড়চতুল ইউপির চেয়ারম্যান আব্দুল মালিক চৌধুরী, ঝিঙ্গাবাড়ি ইউপির চেয়ারম্যান আবু বকর, রাজাগঞ্জ ইউপির চেয়ারম্যান মাওলানা সামসুল ইসলাম, কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি নিজাম উদ্দিন, পৌর বিএনপির সভাপতি নুরুল হোসেন বুলবুল, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বদরুজ্জামান ইকবাল, উপজেলা খেলাফত মজলিস নেতা হুসন আহমদ ও উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিক আহমদসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ।

0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়