নিজস্ব প্রতিবেদক ::
কানাইঘাটের সন্তান ও ইংরেজি জাতীয় দৈনিক ডেইলি সানের সিনিয়র প্রতিবেদক এহসানুল হক জসীম জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্যপদ লাভ করেছেন।
পেশাদার সাংবাদিকদের শীর্ষ সংগঠন জাতীয় প্রেসক্লাব মঙ্গলবার (১২ মে) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন সদস্যদের তালিকা প্রকাশ করে। এতে শুরুতেই স্থায়ী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হন সাংবাদিক, গবেষক ও লেখক এহসানুল হক জসীম।
সদস্যপদ লাভের প্রতিক্রিয়ায় এহসানুল হক জসীম বলেন,“জাতীয় প্রেসক্লাবের সদস্যপদ পেয়েছি। আরো আনন্দিত যে, শুরুতেই স্থায়ী সদস্য হিসেবে সদস্যপদ দেওয়া হয়েছে। দেশের সিনিয়র সাংবাদিকদের এই সংগঠনের সদস্য হতে পেরে আল্লাহর শুকরিয়া আদায় করছি।”
তিনি জাতীয় প্রেসক্লাবের সভাপতি, দেশের খ্যাতিমান সাহিত্যিক কবি হাসান হাফিজ এবং সাধারণ সম্পাদক আইয়ুব ভুইয়া-এর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
এহসানুল হক জসীমের গ্রামের বাড়ি সিলেটের কানাইঘাট উপজেলার ব্রাক্ষ্মণগ্রামে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন। পরবর্তীতে একই বিশ্ববিদ্যালয় থেকে এমফিল ডিগ্রি অর্জনের পর বর্তমানে পিএইচডি গবেষণায় নিয়োজিত রয়েছেন।
তার পিতা শফিকুল হক এবং মাতা সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম।
সাংবাদিকতার পাশাপাশি লেখালেখিতেও রয়েছে তার উল্লেখযোগ্য অবদান। তার প্রকাশিত গ্রন্থের মধ্যে রয়েছে ‘বাংলাদেশের ইসলামী রাজনীতির ব্যবচ্ছেদ’ এবং ‘বরাক পারের বয়ান’।
২০২২ সালে তথ্য মন্ত্রণালয়ের অধীনে গবেষণা পরিচালনা করেন তিনি। ২০২৩ সালে একটি আন্তর্জাতিক সংস্থার মিডিয়া ফেলোশিপ লাভের পাশাপাশি স্বাস্থ্য মন্ত্রণালয় প্রদত্ত ‘তামাক নিয়ন্ত্রণ জাতীয় সম্মাননা-২০২৩’ অর্জন করেন। এছাড়া তিনি ‘মিডিয়া অ্যাওয়ার্ড অন জুডিশিয়াল ইন্ডিপেন্ডেন্স ২০২৫’ এবং রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) ঘোষিত ‘নগদ-ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড ২০২৫’ লাভ করেন।
দেশ-বিদেশের বিভিন্ন সেমিনার, সম্মেলন ও গবেষণাধর্মী আয়োজনে অংশগ্রহণ এবং প্রবন্ধ উপস্থাপনায়ও রয়েছে তার সক্রিয় ও উল্লেখযোগ্য ভূমিকা।

0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়