নিজস্ব প্রতিবেদক:
ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স পিএলসি-এর কানাইঘাট জনবীমা অফিসের উদ্যোগে ইফতার মাহফিল ও উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) কানাইঘাট উত্তর বাজারস্থ জনবীমা অফিসে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির সিলেট এরিয়া প্রধান সামাদ আলী। সিলেট জোন প্রধান সোহেল আহমদ-এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কানাইঘাট প্রেসক্লাব-এর সভাপতি নিজাম উদ্দিন, ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের কানাইঘাট ইসলামী তাকাফুল জোনের জোন প্রধান এনামুল হক এবং জনবীমার সহকারী জোন প্রধান নাসির উদ্দিন।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফ্রান্স প্রবাসী গ্রাহক আব্দুল হাফিজ, কানাইঘাট বাজারের ব্যবসায়ী নেতৃবৃন্দ, কোম্পানির গ্রাহক ও স্থানীয় সুধীজন।
ইফতার মাহফিলে বক্তারা ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের বিভিন্ন সাফল্য ও গ্রাহকসেবার দিক তুলে ধরেন। তারা সমৃদ্ধ ও স্বনির্ভর বাংলাদেশ গড়তে সকলকে বীমার আওতায় আসার আহ্বান জানান। পাশাপাশি বীমাকে বাধ্যতামূলক ঘোষণা করার জন্য সরকারের প্রতি আহ্বানও জানানো হয়।
অনুষ্ঠান শেষে কোম্পানির গ্রাহক আফিয়া বেগমের মৃত্যোত্তর বীমা দাবির ৪৬ হাজার টাকার চেক তাঁর পরিবারের হাতে তুলে দেন অতিথিবৃন্দ।

0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়