নিজস্ব প্রতিবেদক ::
সিলেটের কানাইঘাট উপজেলায় চোরাই পথে ভারত থেকে আনা একটি সিএনজি অটোরিক্সা জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।
কানাইঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম-এর দিকনির্দেশনায় এসআই (নিঃ) মুহাম্মদ সাইদুল হকের নেতৃত্বে পুলিশের একটি আভিযানিক দল রাত্রীকালীন ডিউটি চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, একটি চক্র ভারতীয় সীমান্ত দিয়ে অবৈধভাবে একটি সিএনজি বাংলাদেশে এনে এর বিভিন্ন অংশ পরিবর্তনের কাজ করছে।
এ তথ্যের ভিত্তিতে তাৎক্ষণিকভাবে উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে সংশ্লিষ্ট ওয়ার্কশপে অভিযান চালায় পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি পালানোর চেষ্টা করলে ধাওয়া করে আলীম উদ্দিন (৩৭) নামে একজনকে আটক করা হয়। তবে তার সঙ্গে থাকা অপর এক সহযোগী অন্ধকারের সুযোগে পালিয়ে যায়।
পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সামনে ওয়ার্কশপটি তল্লাশি করে রেজিস্ট্রেশনবিহীন একটি ভারতীয় সিএনজি অটোরিক্সা জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গাড়িটি বিক্রির উদ্দেশ্যে বাংলাদেশে আনা হয়েছিল এবং শনাক্তকরণ এড়াতে এর বিভিন্ন যন্ত্রাংশ পরিবর্তন ও সংযোজন করা হচ্ছিল।
আটক আলীম উদ্দিন কানাইঘাট থানার কালিনগর গ্রামের মৃত মনফর আলীর ছেলে।
এ ঘটনায় আটক ও পলাতক আসামিদের বিরুদ্ধে কানাইঘাট থানায় বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪-এর ২৫বি(১)(বি)/২৫ডি ধারায় একটি নিয়মিত মামলা (মামলা নং-১৪, তারিখ: ১৫ এপ্রিল ২০২৬) দায়ের করা হয়েছে। পলাতক আসামিকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে আটক আসামিকে বৃহস্পতিবার (১৬ এপ্রিল ২০২৬) যথাযথ পুলিশ স্কর্টের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়