নিজস্ব প্রতিবেদক:
সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য মুফতি আবুল হাসান বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১১টায় কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। এ সময় স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও ডাঃ সুবল চন্দ্র বর্মন তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
পরিদর্শনকালে এমপি আবুল হাসান হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং রোগীদের সঙ্গে কথা বলে চিকিৎসাসেবা ও খাবারের মান সম্পর্কে খোঁজ নেন। সেবার সার্বিক চিত্র দেখে তিনি একধরনের অসন্তোষ প্রকাশ করেন।
চিকিৎসক ও জনবল সংকটে ব্যাহত সেবা
হাসপাতালের টিএইচও ডাঃ সুবল চন্দ্র বর্মন এমপিকে জানান, হাসপাতালে চিকিৎসকসহ অনেক গুরুত্বপূর্ণ পদ দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। এছাড়া হাসপাতালের অ্যাম্বুলেন্সটি বিকল এবং চালকের পদও শূন্য। পর্যাপ্ত টেকনিশিয়ান না থাকায় চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে।
এমপির প্রচেষ্টায় নতুন করে ৭ জন চিকিৎসক যোগদান করায় কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ঝাড়ুদার ও পরিচ্ছন্নকর্মীর সব পদ শূন্য থাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে।
৩১ থেকে ৫০ শয্যায় উন্নীতকরণ কার্যক্রম স্থবির
হাসপাতালটি ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীত করা হলেও প্রশাসনিক জটিলতার কারণে দীর্ঘদিন ধরে ৫০ শয্যার কার্যক্রম বন্ধ রয়েছে। এ কার্যক্রম চালু হলে এলাকাবাসী উন্নত চিকিৎসাসেবা পাবেন বলে জানান সংশ্লিষ্টরা।
সমস্যাগুলো শুনে এমপি আবুল হাসান বলেন, ডাক্তার সংকট নিরসনে তিনি ইতোমধ্যে বিভাগীয় ও জেলা সিভিল সার্জনের সঙ্গে কথা বলেছেন। কানাইঘাট হাসপাতালে ৫ জন এবং জকিগঞ্জ হাসপাতালে ২ জন চিকিৎসক দেওয়া হয়েছে। ৫০ শয্যার কার্যক্রম চালু ও অন্যান্য শূন্য পদ পূরণে তিনি সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পর্যায়ক্রমে সব সমস্যা সমাধানের আশ্বাস দেন। পাশাপাশি চিকিৎসকদের নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন।
উন্নয়ন কাজ পরিদর্শন
স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনের পর এমপি প্রায় ২ কোটি টাকা ব্যয়ে চলমান জিয়াউর রহমান সড়ক-এর উন্নয়ন কাজ পরিদর্শন করেন। তিনি সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে সিডিউল অনুযায়ী টেকসই কাজ সম্পন্ন করার নির্দেশ দেন। শিগগিরই টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে গাজী বুরহান উদ্দিন সড়কসহ আরও বিভিন্ন উন্নয়নমূলক কাজ শুরু হবে বলেও জানান তিনি।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মেহদী হাসান শাকিল, কানাইঘাট থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।
.jpeg)
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়