Sunday, April 12

কানাইঘাটে আহমদ শামস সেবা ফাউন্ডেশনের পুরস্কার বিতরণ সম্পন্ন


নিজস্ব প্রতিবেদক :

কানাইঘাট উপজেলার বড়দেশ বাজারে এক হৃদয়স্পর্শী ও ধর্মীয় আবহে সম্পন্ন হয়েছে আহমদ শামস সেবা ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত ২য় অনলাইন কোরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও অনুদান প্রদান অনুষ্ঠান।

গতকাল শনিবার মাগরিবের পর মাদানী পাঠাগারের কার্যালয়ে অনুষ্ঠিত এ আয়োজনে সভাপতিত্ব করেন হাজী আব্দুল মালিক এবং সঞ্চালনায় ছিলেন আব্দুল কুদ্দুস মিসবাহ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কালামে পাক থেকে তিলাওয়াত করেন হাফিজ মোহাম্মদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা ফয়েজ উদ্দিন। তিনি বলেন, আহমদ শামস সেবা ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে সমাজসেবামূলক নানা কার্যক্রম পরিচালনা করে আসছে। বিশেষ করে ঈদুল ফিতর ও ঈদুল আজহা উপলক্ষে অসহায়দের মাঝে নগদ অর্থ ও ঈদ সামগ্রী বিতরণ করে তারা প্রশংসনীয় ভূমিকা রাখছে।

তিনি আরও বলেন, কোরআন তিলাওয়াত প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে ধর্মীয় শিক্ষার প্রতি আগ্রহ সৃষ্টি হচ্ছে, যা ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করতে সহায়ক হবে। আগামীতেও ফাউন্ডেশন শিক্ষার্থীদের নিয়ে নতুন স্বপ্ন বাস্তবায়নে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

শেষে তিনি ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা আহমদ শামসের ভূয়সী প্রশংসা করে বলেন, তিনি এমন একটি পরিবারে জন্মগ্রহণ করেছেন, যাদের পূর্বপুরুষরা ধর্মীয় ও সামাজিক কাজে নিবেদিত ছিলেন। আল্লাহ যেন তাকে এবং সকল সামর্থ্যবান ব্যক্তিকে এ ধরনের সেবামূলক কাজে আরও এগিয়ে আসার তৌফিক দান করেন—এই কামনা করেন তিনি।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ইমদাদুল উলূম উমরগঞ্জ মাদ্রাসার শিক্ষক হাফিজ মাওলানা ইমরান আহমদ, বড়দেশ আসআদুল উলূম কওমি মাদ্রাসার শিক্ষা সচিব মাওলানা সিদ্দিক বিন মোহাম্মদ এবং বড়দেশ শাহী জামে মসজিদের ইমাম মাওলানা মোহাম্মদ আলী।

অনুষ্ঠানের শেষপর্বে প্রতিযোগিতায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন হাফিজ আব্দুল হান্নান, মাওলানা ফয়জুল হাসান, মাওলানা মাছুম আহমদ, মাওলানা নূরুল আম্বিয়া, মাওলানা এনাম উদ্দিন, হাফিজ জসিম উদ্দিনসহ আরও অনেকে।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়