নিজস্ব প্রতিবেদক:
সিলেটের জকিগঞ্জ-এ সম্প্রীতির মিলনমেলায় লেখক, সাংবাদিক, রাজনীতিবিদ ও বিভিন্ন শ্রেণি-পেশার গুণীজনদের সম্মানে ইফতার মাহফিল এবং সিলেট-৫ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মুফতি আবুল হাসান-কে সংবর্ধনা প্রদান করেছে জকিগঞ্জ প্রেসক্লাব। বৃহস্পতিবার প্রেসক্লাবের নিজস্ব ভবনে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
ইফতার মাহফিলের পূর্বে প্রেসক্লাব সভাপতি এখলাছুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সংবর্ধিত প্রধান অতিথির বক্তব্যে নবনির্বাচিত এমপি মুফতি আবুল হাসান বলেন, “সাংবাদিকরা জাতির বিবেক। সমাজে ন্যায়, সত্য ও জনস্বার্থ রক্ষায় তাদের ভূমিকা অনস্বীকার্য।” তিনি বলেন, জকিগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকরা সবসময় সত্য ও ন্যায়ের পক্ষে কাজ করে আসছেন এবং সংসদ সদস্য হিসেবে তিনি প্রেসক্লাবের পাশে থাকবেন। গণমানুষের কল্যাণে সাংবাদিকদের আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
এ সময় তিনি জকিগঞ্জ অঞ্চলের বিভিন্ন সমস্যা তুলে ধরে বলেন, নদীভাঙন একটি মারাত্মক সমস্যা। এ সমস্যা সমাধানে স্থায়ী ও কার্যকর ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি স্বাস্থ্যসেবার মানোন্নয়নে হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে আধুনিক চিকিৎসা সুবিধা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের আজীবন সদস্য যুক্তরাজ্যপ্রবাসী কমিউনিটি নেতা বীর মুক্তিযোদ্ধা ফরিদ উদ্দিন, জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শাব্বির আহমদ, জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক, ওসি (তদন্ত) সুজন মিয়া, আইনজীবী কাওছার রশীদ বাহার, জকিগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাসান আহমদ, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ছারওয়ার হোসাইন, দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি আহসান হাবীব, উপজেলা জমিয়তের সহ-সভাপতি মাওলানা ফয়জুর রহমান, ইসলামী আন্দোলনের সেক্রেটারি মাওলানা জয়নুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
প্রেসক্লাবের পক্ষ থেকে সাবেক সভাপতি আবুল খায়ের চৌধুরী, সহ-সভাপতি শ্রীকান্ত পাল, সাধারণ সম্পাদক এনামুল হক মুন্না, যুগ্ম সাধারণ সম্পাদক মুর্শেদ আলম লস্কর, সহ-সাধারণ সম্পাদক মাসুদ তরফদার, কোষাধ্যক্ষ কে এম মামুন, অফিস সম্পাদক ওমর ফারুক, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইউনুস আলী, ক্রীড়া সম্পাদক আবু বক্কর মো. ফয়সলসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে জকিগঞ্জ প্রেসক্লাবের পক্ষ থেকে নবনির্বাচিত সংসদ সদস্য মুফতি আবুল হাসানকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করা হয়। পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়