Monday, September 8

তেজগাঁওকে শিল্পাঞ্চল এলাকায় রূপান্তরের প্রস্তাব অনুমোদন


স্টাফ রিপোর্টার: তেজগাঁও শিল্প এলাকাকে একই সঙ্গে শিল্প, বাণিজ্যিক ও আবাসিক এলাকা হিসেবে রূপান্তর করার প্রস্তাবে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার মন্ত্রিসভার বৈঠকে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় প্রস্তাবটি উত্থাপন করে। বৈঠকের পর মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা জানান, মন্ত্রিসভায় কর্মপরিকল্পনা করতে হবে। গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় উচ্চপর্যায়ের কমিটি গঠন করে প্রস্তাবটি পর্যবেক্ষণ করবে। পরীক্ষা ও মতামতসহ প্রস্তাবটি অনুমোদনের জন্য প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হবে। মন্ত্রিপরিষদ সচিব বলেন, প্লটের মালিক যাঁরা আছেন, তাঁরা সংসদের স্থায়ী কমিটিতে একটি সুপারিশ দিয়েছিলেন। গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর নেতৃত্বে একটি কমিটি করা হয়েছে। সব কমিটির প্রস্তাব পর্যালোচনা করেই সারসংক্ষেপ করা হয়েছে। তেজগাঁও শিল্প এলাকায় ৪৩০টি প্লট রয়েছে। বৈঠকে ভিসা অব্যাহতি চুক্তি অনুসমর্থনের একটি প্রস্তাবও অনুমোদন করা হয়। সেই অনুসারে ভিসা ছাড়াই সরকারি কর্মকর্তা ও কূটনীতিকেরা ফিলিপাইনে যেতে পারবেন। মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবসটি (২৬ জুন) ‘গ’ শ্রেণি থেকে উন্নীত করে ‘খ’ শ্রেণিতে পালন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়