কানাইঘাট নিউজ ডেস্ক:
সিলেটের জৈন্তাপুর উপজেলার ফতেহপুর ইউনিয়নের পশ্চিম বালিপাড়ার আঁকাবাঁকা হাওর এলাকায় একটি হিজলগাছের ডাল থেকে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরে পরিচয় নিশ্চিত হওয়া যায়, তিনি কানাইঘাটের ব্যবসায়ী হাফিজ মিজানুর রহমান (৪৪)। তিনি কানাইঘাট উপজেলার সদর ইউনিয়নের উমাগড় গ্রামের মৃত শফিকুর রহমানের ছেলে।
বুধবার (৪ মার্চ) দুপুরে স্থানীয় এক ব্যক্তি থানায় ফোন করে হাওরের একটি গাছে ঝুলন্ত লাশ দেখতে পাওয়ার খবর দেন। সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে জৈন্তাপুর থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। প্রত্যক্ষদর্শীরা ঘটনাস্থলেই মরদেহটি মিজানের বলে শনাক্ত করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মিজান কানাইঘাট উত্তর বাজারের পরিচিত ব্যবসায়ী ছিলেন। তিনি ‘আম্মাজান শপিং মহল’ ও ‘আব্বাজান শপিং সেন্টার’ নামের দুটি প্রতিষ্ঠানের মালিক। মঙ্গলবার জোহরের নামাজের পর দোকানের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে তিনি আর ফিরে আসেননি।
এদিকে পারিবারিক কলহের বিষয়ও সামনে এসেছে। ফলে ঘটনাটি আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড, এ নিয়ে এলাকায় আলোচনা ও ধোঁয়াশা তৈরি হয়েছে।
ঘটনার পর এ বিষয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। জৈন্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি), মো. মাহবুবুর রহমান মোল্লা জানান, বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়