Monday, March 9

এক মাসেই উঠে যাচ্ছে পিচ! কানাইঘাটের গরিপুর–কুওরঘড়ি সড়কে নিম্নমানের কাজের অভিযোগ


নিজস্ব প্রতিবেদক:

সিলেটের কানাইঘাট উপজেলার সদর ইউনিয়নের গরিপুর থেকে কুওরঘড়ি পর্যন্ত প্রায় ২ কিলোমিটার পাকা সড়কের কাজ শেষ হতে না হতেই বিভিন্ন স্থানে পিচ উঠে যাওয়ার অভিযোগ উঠেছে। কাজ শেষ হওয়ার এক মাসও পার হয়নি, এরই মধ্যে রাস্তার বিভিন্ন অংশে ফাটল ও পিচ উঠে যাওয়ায় এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে।

স্থানীয় সূত্রে জানা যায়, এলাকার কয়েকটি গ্রামের মানুষের যাতায়াতের জন্য গুরুত্বপূর্ণ এই গ্রামীণ সড়কটি দীর্ঘদিন ধরে পাকাকরণের দাবি জানিয়ে আসছিলেন এলাকাবাসী। তাদের দাবির প্রেক্ষিতে অবশেষে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)’র অধীনে গরিপুর থেকে কুওরঘড়ি পর্যন্ত প্রায় ২ কিলোমিটার রাস্তার পাকাকরণ কাজ শুরু হয়। কাজের ঠিকাদার গোলাম ফারুক কয়েক মাস আগে এই সড়কের কাজ সম্পন্ন করেন।

তবে স্থানীয়দের অভিযোগ, শুরু থেকেই রাস্তার কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছে। তারা জানান, যথাযথ পরিমাণে বিটুমিন ব্যবহার না করায় কাজ শেষ হওয়ার এক মাস যেতে না যেতেই রাস্তার বিভিন্ন স্থানে পিচ উঠে যাচ্ছে এবং অনেক জায়গায় ফাটল দেখা দিয়েছে।

এলাকাবাসীর দাবি, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। তারা বলেন, সরকারি অর্থ ব্যয়ে নির্মিত এই সড়কটি টেকসই না হলে জনসাধারণের ভোগান্তি বাড়বে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, পাকা রাস্তার দুই পাশে মাটি দেওয়া হচ্ছে। কিন্তু টেকসইভাবে কাজ না হওয়ায় রাস্তার দুই পাশের অংশে পাকা স্তর উঠে যাচ্ছে। এছাড়া এই গ্রামীণ সড়ক দিয়ে নিয়মিত মাটি বহনকারী ভারী ট্রাক ও ট্রাক্টর চলাচল করায় রাস্তার ওপর মাটি পড়ে থাকছে, ফলে সড়কটি দ্রুত ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং এলাকায় ধুলাবালুতে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে।

স্থানীয়রা জানান, মাটিবাহী ট্রাক ও ট্রাক্টরের চলাচলে বাধা দেওয়ার চেষ্টা করলেও তাতে কোনো ফল পাওয়া যাচ্ছে না। তাই দ্রুত সড়কটির নির্মাণকাজ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়