নিজস্ব প্রতিবেদক:
সিলেটের কানাইঘাটে সুরমা নদীর বাম তীরে নির্মিত বন্যা নিয়ন্ত্রণ বাঁধের পাকাকরণ কাজের শুভ উদ্বোধন করেছেন সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনের সংসদ সদস্য মুফতি মোহাম্মদ আবুল হাসান। শনিবার (৪ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় কানাইঘাট পৌরসভার বায়মপুর খেয়াঘাট এলাকায় নদীর তীরে এ কাজের উদ্বোধন অনুষ্ঠিত হয়।
জানা যায়, পানি সম্পদ মন্ত্রণালয়ের আওতায় বাস্তবায়িত বন্যা পুনর্গঠন জরুরি সহায়তা প্রকল্পের মাধ্যমে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড-এর সিলেট কার্যালয় এ প্রকল্প বাস্তবায়ন করছে। এর অধীনে সুরমা নদীর তীরে নির্মিত বন্যা নিয়ন্ত্রণ বাঁধকে আরও টেকসই ও কার্যকর করতে পাকাকরণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি মুফতি আবুল হাসান বলেন, কানাইঘাট ও জকিগঞ্জ অঞ্চলের প্রধান সমস্যা হচ্ছে নদী ভাঙন। সুরমা নদী ও কুশিয়ারা নদীর অব্যাহত ভাঙনে মানুষের বসতভিটা ও ফসলি জমি বিলীন হয়ে যাচ্ছে। তিনি বলেন, কুশিয়ারা নদীর ভাঙনে দেশের মানচিত্র পর্যন্ত পরিবর্তিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
তিনি আরও জানান, নদী ভাঙনের বিষয়টি তিনি জাতীয় সংসদে উত্থাপন করেছেন এবং পানি সম্পদ প্রতিমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছেন। এর ফলে ইতোমধ্যে সুরমা ও কুশিয়ারা নদীর ভাঙন প্রতিরোধে প্রায় ৫ কিলোমিটার তীররক্ষা বাঁধ নির্মাণের অনুমোদন দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে এ অঞ্চলের মানুষের দুর্ভোগ লাঘবে নদীভাঙন প্রতিরোধে কার্যক্রম অব্যাহত থাকবে।
এসময় তিনি পানি উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাজের গুণগত মান নিশ্চিত করা এবং সঠিকভাবে তদারকির নির্দেশনা দেন। পাশাপাশি এলাকার রাস্তা-ঘাট উন্নয়ন, চিকিৎসা সেবা নিশ্চিতকরণসহ অন্যান্য সমস্যার সমাধানে কাজ করার আশ্বাস প্রদান করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কানাইঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মেহেদী হাসান শাকিল, থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম, খেলাফত মজলিস সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা দিলওয়ার হোসাইন, সহ-সভাপতি মাওলানা আব্দুস ছালাম, সাংগঠনিক সম্পাদক হাফিজ শিব্বির আহমদ, অর্থ সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা কামাল উদ্দিন, নায়েবে আমীর মাষ্টার ফয়ছল আহমদ, সেক্রেটারি মাওলানা তাজ উদ্দিন, উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আমানুর রশিদ চৌধুরী, এমপির একান্ত সহকারী মাওলানা মিসবাহুল ইসলাম, প্রবাসী খেলাফত মজলিস নেতা আব্দুল্লাহ বাহার, হোসাইন আহমদসহ জামায়াত ও খেলাফত মজলিসের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়