নিজস্ব প্রতিবেদক :
অভিনব পন্থায় ভারতীয় চোরাইপণ্য পরিবহনের সময় কানাইঘাট থানা পুলিশের অভিযানে পিকআপভর্তি ক্রীম, ঔষধ ও শাড়ির বড় চালান আটক করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই চোরাকারবারীকে গ্রেফতার করেছে পুলিশ।
জানা যায়, শনিবার (৪ এপ্রিল) সন্ধ্যায় জৈন্তাপুর উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে একটি টাটা পিকআপ গাড়ির উপরে পাকা নির্মাণ কাজে ব্যবহৃত বাঁশ ও কাঠ রেখে গোপনে এসব চোরাইপণ্য নিয়ে কানাইঘাটে প্রবেশ করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে কানাইঘাট থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলামের নির্দেশনায় এসআই শৈলস চন্দ্র ও এএসআই আরজু মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে বড়চতুল ইউনিয়নের দুর্গাপুর এলাকায় দরবস্ত-কানাইঘাট সড়কে অবস্থান নেন।
পরবর্তীতে সন্দেহভাজন পিকআপ গাড়িটি আটক করে তল্লাশি চালিয়ে পুলিশ ভারতীয় ১০০ পিস শাড়ি, ৯ কার্টুনে রাখা ৫৭৬ পিস সিরাপ এবং ২৭ কার্টুন ভর্তি ৫ হাজার ৩০০ পিস ক্রীম (ঔষধ) উদ্ধার করে। এ সময় চোরাইপণ্য পরিবহনে ব্যবহৃত পিকআপ গাড়িটিও জব্দ করা হয়।
অভিযানকালে পার্শ্ববর্তী জৈন্তাপুর উপজেলার হেমু পাখিটিকি গ্রামের বিলাল আহমদের পুত্র আসনার আহমদ (২৫) ও লামা সেমপুর গ্রামের হেলাল উদ্দিনের পুত্র আবুল কালাম (২৯)-কে গ্রেফতার করে পুলিশ।
কানাইঘাট থানার ওসি আমিনুল ইসলাম জানান, আটক ভারতীয় পণ্য অবৈধভাবে দেশে আনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং গ্রেফতার দুইজনকে আইনের আওতায় আনা হয়েছে।
প্রসঙ্গত, কানাইঘাট থানায় যোগদানের পর থেকে ওসি আমিনুল ইসলাম আইনশৃঙ্খলা উন্নয়নের পাশাপাশি চোরাচালান ও মাদকবিরোধী অভিযানে সক্রিয় ভূমিকা রাখায় স্থানীয়ভাবে প্রশংসা কুড়িয়েছেন।

0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়