Friday, April 17

দুবাই প্রবাসী ব্যবসায়ী মাসুক উদ্দিনের দাফন সম্পন্ন


নিজস্ব প্রতিবেদক ::

কানাইঘাট উপজেলার বড়চতুল ইউনিয়নের পর্বতপুর (ডুংরাগ্রাম) গ্রামের বাসিন্দা, মরহুম মাস্টার ইউসুফ আলীর পুত্র, সংযুক্ত আরব আমিরাতের দুবাই প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী মাসুক উদ্দিনের দাফন সম্পন্ন হয়েছে।

শুক্রবার বাদ মাগরিব স্থানীয় চতুল ঈদগাহ মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, আলেম-উলামা, প্রবাসীসহ সর্বস্তরের হাজারো মানুষ অংশ নেন। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

পারিবারিক সূত্রে জানা যায়, মাসুক উদ্দিন দীর্ঘদিন ধরে হৃদরোগ, কিডনি জটিলতা ও ডায়াবেটিসে ভুগছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে সিলেটের আল-হারামাইন হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দুপুর ১২টার দিকে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬১ বছর।

তিনি স্ত্রী, দুই ছেলে এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।মাসুক উদ্দিন সংযুক্ত আরব আমিরাতে একজন সফল ব্যবসায়ী হিসেবে সুপরিচিত ছিলেন। দুবাই শহরে ব্লু স্কাই ও কান্টি হোটেলের স্বত্বাধিকারী ছিলেন তিনি। এছাড়াও আরও কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন।

দুবাইয়ে কানাইঘাট প্রবাসী কমিউনিটির একজন অভিভাবক হিসেবে পরিচিত ছিলেন মাসুক উদ্দিন। বহু কানাইঘাটবাসীকে সেখানে কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া ছাড়াও বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত থেকে প্রবাসীদের সুখ-দুঃখে পাশে দাঁড়াতেন তিনি। এছাড়া তিনি এক সময় দুবাই শাখা আওয়ামী লীগের সভাপতির দায়িত্বও পালন করেন।

জানাজায় অংশ নেওয়া প্রবাসীরা জানান, মাসুক উদ্দিন ছিলেন একজন উদার ও সহযোগিতাপরায়ণ মানুষ। তার মৃত্যুতে প্রবাসী সমাজে গভীর শোক নেমে এসেছে।

স্থানীয়রা জানান, তিনি এলাকার বিভিন্ন মসজিদ-মাদ্রাসার খেদমতে যুক্ত ছিলেন এবং সবসময় সামাজিক ও মানবিক কাজে অসহায় মানুষের পাশে দাঁড়াতেন।

মরহুমের জন্য দেশ-বিদেশে অবস্থানরত স্বজন, শুভানুধ্যায়ী ও এলাকাবাসীর কাছে দোয়া কামনা করেছেন তার পরিবার।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়