নিজস্ব প্রতিবেদক:
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উপলক্ষে কানাইঘাট উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দিনব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি উদযাপন করেছেন।
দিবসের সূচনালগ্নে সকাল ১০টায় কানাইঘাট কেন্দ্রীয় শহীদ মিনারে দেশের জন্য আত্মোৎসর্গকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়। উপজেলা বিএনপির সভাপতি মামুন রশিদ মামুন ও সাধারণ সম্পাদক মাস্টার সাজ উদ্দিন সাজুর নেতৃত্বে এ কর্মসূচি পালিত হয়। এ সময় বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
পরবর্তীতে সকাল ১১টায় কানাইঘাট বাজারস্থ বিএনপির কার্যালয়ে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সভাপতি মামুন রশিদ মামুনের সভাপতিত্বে এবং পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক দেলোয়ার ইসমাঈলের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাস্টার সাজ উদ্দিন সাজু, যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুর রহমান, দপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি কয়ছর রশিদ, সাধারণ সম্পাদক শমসের আলম, সদর ইউপি বিএনপির সভাপতি নিজাম উদ্দিন মেম্বার, পৌর মুক্তিযোদ্ধা দলের সভাপতি হাজী জালাল আহমদ, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিক আহমদ, পৌর যুবদলের আহ্বায়ক মামুন রশিদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা মহান মুক্তিযুদ্ধের চেতনা, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জাতীয়তাবাদী শক্তির ভূমিকা এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরেন। তারা দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়েও বক্তব্য রাখেন এবং স্বাধীনতার মূল চেতনা ধারণ করে দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
সভা শেষে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়