নিজস্ব প্রতিবেদক :
আসন্ন কানাইঘাট উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতার প্রস্তুতি নিচ্ছেন বিশিষ্ট সমাজসেবী ও ব্যবসায়ী বেলাল আহমেদ। ইতোমধ্যে সম্ভাব্য প্রার্থীদের তালিকায় তার নাম আলোচনায় রয়েছে।
এর আগে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে কানাইঘাট উপজেলায় চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তিনি। এবারও নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে মাঠপর্যায়ে প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে। স্বেচ্ছাসেবী সংগঠন ‘ইমেজ ফাউন্ডেশন’-এর চেয়ারম্যান বেলাল আহমেদ বিএনপির রাজনীতির সঙ্গে দীর্ঘদিন ধরে সম্পৃক্ত এবং ঢাকার একজন পরিচিত ব্যবসায়ী।
ঐতিহ্যবাহী কানাইঘাট প্রেসক্লাবের দাতা সদস্য হিসেবে পরিচিত বেলাল আহমেদ দীর্ঘদিন ধরে সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় রয়েছেন। উপজেলার রাজাগঞ্জ ইউনিয়নের সন্তান হিসেবে স্থানীয় জনগণের সঙ্গে তার নিবিড় যোগাযোগ রয়েছে।
নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে জানতে চাইলে বেলাল আহমেদ বলেন, তিনি আদর্শিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর রাজনীতি করেন। তাই দলীয় মনোনয়ন ও প্রতীক নিয়েই নির্বাচনে অংশ নিতে চান। তিনি আশা প্রকাশ করেন, দলের প্রতি দীর্ঘদিনের ত্যাগ, শ্রম ও মাঠের কাজের যথাযথ মূল্যায়ন করা হবে।
তিনি আরও বলেন, কোনো কারণে দলীয় প্রতীক না থাকলেও তিনি দলের সিদ্ধান্তের বাইরে যাবেন না। ব্যক্তিগত পদ-পদবীর চেয়ে দলের আদর্শ ও ঐক্যকে তিনি বেশি গুরুত্ব দেন বলেও উল্লেখ করেন।

0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়