Thursday, March 26

কানাইঘাটে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন


নিজস্ব প্রতিবেদক:

থাযোগ্য মর্যাদা ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে কানাইঘাটে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উদযাপিত হয়েছে।

২৬শে মার্চ দিবসের সূচনালগ্নে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে কর্মসূচির শুরু হয়। পরে কানাইঘাট কেন্দ্রীয় শহীদ মিনারে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে মহান স্বাধীনতা যুদ্ধে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়। প্রথমে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড, অফিসার্স ক্লাব ও কানাইঘাট পৌরসভার পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মেহেদী হাসান শাকিল পুষ্পস্তবক অর্পণ করেন।

এরপর পর্যায়ক্রমে থানা পুলিশ, কানাইঘাট প্রেসক্লাব, আনসার ও ভিডিপি, স্বাস্থ্য কমপ্লেক্স, পল্লীবিদ্যুৎ জোনাল অফিসসহ বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ এবং সর্বস্তরের মানুষ শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন। দিবসটি উপলক্ষে উপজেলা ও পৌর বিএনপি এবং তাদের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মিছিলসহ পুষ্পস্তবক অর্পণ করেন। একইভাবে বিএনপি থেকে বহিষ্কৃত মামুনুর রশিদ চাকসু মামুনের অনুসারীরাও পৃথকভাবে শ্রদ্ধা জানান।

সকাল ৯টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে কানাইঘাট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এ সময় মনোজ্ঞ কুচকাওয়াজ ও প্যারেড অনুষ্ঠিত হয় এবং সালাম গ্রহণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান শাকিল ও কানাইঘাট থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম। পরে অংশগ্রহণকারী শিক্ষা প্রতিষ্ঠানের বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার ও সম্মাননা স্মারক বিতরণ করা হয়।

সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। অনুষ্ঠান শেষে তাদের মাঝে শুভেচ্ছা উপকরণ বিতরণ করা হয়।

পরবর্তীতে মিলনায়তনে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এবং স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।

এছাড়া বাদ যোহর কানাইঘাট কেন্দ্রীয় জামে মসজিদে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অন্যান্য ধর্মীয় উপাসনালয়েও বিশেষ প্রার্থনা সভার আয়োজন করা হয়।

বিকেল ৪টায় কানাইঘাট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে উপজেলা বিএনপি, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষা প্রতিষ্ঠান দিবসটি উদযাপন করে।

সর্বশেষে, সকল অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে দেশকে এগিয়ে নিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়