Monday, March 30

কানাইঘাটের বিশিষ্ট সালিশ মাস্টার আব্দুল হান্নানের ইন্তেকাল


নিজস্ব প্রতিবেদক :

কানাইঘাট উপজেলার লক্ষীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের বড়বন্দ দালান বাড়ি এলাকার বাসিন্দা, এলাকার সর্বজন শ্রদ্ধেয় সালিশ ব্যক্তিত্ব ও শিক্ষানুরাগী মাস্টার আব্দুল হান্নান আর নেই। সোমবার (৩০ মার্চ) সকাল সাড়ে ১১টায় সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর।

পরিবার সূত্রে জানা গেছে, তিনি বেশকিছু দিন ধরে নানা জটিল রোগে ভুগছিলেন। তার মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

মরহুম মাস্টার আব্দুল হান্নান স্ত্রী, তিন পুত্রসহ অসংখ্য আত্মীয়-স্বজন, শুভানুধ্যায়ী ও গুণগ্রাহী রেখে গেছেন। ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন অত্যন্ত সাদাসিধে, বিনয়ী ও সমাজসেবামূলক কর্মকাণ্ডে নিবেদিত একজন মানুষ। এলাকার বিভিন্ন বিরোধ মীমাংসায় তার নিরপেক্ষ ভূমিকা ও প্রজ্ঞাপূর্ণ সিদ্ধান্তের কারণে তিনি সবার কাছে সম্মানিত ছিলেন।

সোমবার বাদ মাগরিব বড়বন্দ বাজার মসজিদে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজার নামাজে এলাকার বিশিষ্ট সালিশ ব্যক্তিবর্গ, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষ উপস্থিত হয়ে তার প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন। পরে বড়বন্দ দালান বাড়ি মসজিদের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

মাস্টার আব্দুল হান্নান এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করেছেন। তিনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতির দায়িত্ব পালন করেন এবং শিক্ষার প্রসারে নিরলসভাবে কাজ করে গেছেন। সমাজের কল্যাণে তার অবদান এলাকাবাসীর কাছে স্মরণীয় হয়ে থাকবে বলে মন্তব্য করেন স্থানীয়রা।

তার মৃত্যুতে কানাইঘাটে শোকের আবহ বিরাজ করছে। অনেকেই বলেন, তিনি ছিলেন এলাকার নির্ভরযোগ্য অভিভাবকসুলভ ব্যক্তিত্ব। তার শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়। এলাকাবাসী মরহুমের রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়