Tuesday, March 31

কানাইঘাটে মাছ লুট ও গরু ছিনতাইয়ের অভিযোগে পুলিশের জালে জাকারিয়া


নিজস্ব প্রতিবেদক ::

কানাইঘাটের বড়দেশ ও বীরদল হাওর এলাকার কথিত আতঙ্ক জাকারিয়া উদ্দিন (৪৮)কে গ্রেফতার করেছে কানাইঘাট থানা পুলিশ। তিনি বড়দেশ উত্তর গ্রামের মৃত সামছুল হকের পুত্র। মঙ্গলবার (৩১ মার্চ) দুপুর ১২টার দিকে উপজেলার দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের কায়স্তগ্রামের কুদরতের দোকানের পাশ থেকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। অভিযানে নেতৃত্ব দেন থানার এসআই দুর্গা কুমার দাস।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১৪ মার্চ সকালে জাকারিয়া ও তার সহযোগীরা বড়দেশ উত্তর নয়াগ্রামের দুবাই প্রবাসী আব্দুল হাইয়ের মালিকানাধীন এমএএইচ ফিসারিজ অ্যান্ড এগ্রো ফার্মে হামলা চালায়। তারা জাল দিয়ে লক্ষাধিক টাকার মাছ ধরে নিয়ে যায় এবং খামারের পাড়ে রোপণ করা অর্ধশতাধিক বিভিন্ন জাতের ফলজ গাছ কেটে ফেলে। এ সময় খামারের শ্রমিকদের মারধরের অভিযোগও ওঠে তাদের বিরুদ্ধে।

এর আগে গত ২৬ মার্চ সকাল সাড়ে ৭টার দিকে জাকারিয়া ও তার সহযোগীরা দেশীয় ধারালো অস্ত্র নিয়ে একই এলাকার মৎস্য খামারের পাড়সংলগ্ন গরুর খামার থেকে প্রায় দুই লাখ টাকা মূল্যের তিনটি গরু ধরে নিয়ে যায় বলে অভিযোগ রয়েছে।

এ ঘটনায় পরদিন শুক্রবার প্রবাসী আব্দুল হাইয়ের ছেলে জাহিদুল হক বাদী হয়ে জাকারিয়াসহ ছয়জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে মামলা রেকর্ড করে পুলিশ তাকে গ্রেফতারে অভিযান শুরু করে। অবশেষে অভিযানে এসব ঘটনার মূলহোতা হিসেবে জাকারিয়াকে আটক করা হয়।

স্থানীয়রা জানান, জাকারিয়া দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। তার গ্রেফতারে এলাকায় স্বস্তি ফিরে এসেছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই দুর্গা কুমার দাস জানান, মামলার প্রেক্ষিতে জাকারিয়াকে গ্রেফতার করা হয়েছে এবং তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো তদন্ত করা হচ্ছে।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়