Saturday, March 28

কানাইঘাটে অতিরিক্ত দামে তেল বিক্রি! ব্যবসায়ীকে জরিমানা


নিজস্ব প্রতিবেদক ::

জ্বালানি তেলের বাজারে অনিয়ম ঠেকাতে মাঠে নেমেছে কানাইঘাট উপজেলা প্রশাসন। সরকারি নির্ধারিত দামের বেশি দামে বিক্রি কিংবা অবৈধ মজুদ ঠেকাতে শুরু হয়েছে নিয়মিত মনিটরিং অভিযান। অভিযানের প্রথম দিনেই অতিরিক্ত দামে তেল বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।

শনিবার (২৮ মার্চ) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট তাপস চক্রবর্তী তুষার থানা পুলিশের সহায়তায় সীমান্তবর্তী সুরইঘাট বাজারসহ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় একটি জ্বালানি তেলের দোকানে অতিরিক্ত দামে তেল বিক্রির অভিযোগ প্রমাণিত হওয়ায় মোবাইল কোর্ট পরিচালনা করে ওই ব্যবসায়ীকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাপস চক্রবর্তী তুষার জানান, সরকারি নির্ধারিত দামের বাইরে তেল বিক্রি বা কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে মোবাইল কোর্টের মাধ্যমে জেল-জরিমানাও করা হবে।

তিনি আরও বলেন, জ্বালানি তেলের বাজার স্বাভাবিক রাখতে প্রতিদিন উপজেলার বিভিন্ন হাট-বাজারে অভিযান পরিচালনা করা হবে। লাইসেন্সধারী ডিলার ও খুচরা বিক্রেতাদের মনিটরিংয়ের আওতায় আনা হচ্ছে। কোনো ব্যবসায়ী অবৈধভাবে তেল মজুদ করে কৃত্রিম সংকট তৈরি করলে দ্রুত উপজেলা প্রশাসনকে জানাতে স্থানীয়দের আহ্বান জানানো হয়েছে।

উপজেলা প্রশাসনের এ অভিযানে বাজারে স্বস্তি ফিরবে বলে সাধারণ ক্রেতাদের মধ্যে আশা তৈরি হয়েছে।



শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়