Wednesday, March 25

কানাইঘাটে গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত


নিজস্ব প্রতিবেদক ::

২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে কানাইঘাট উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ মার্চ) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মেহদী হাসান শাকিল।

আলোচনা সভায় ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে ঢাকায় পাকিস্তানি হানাদার বাহিনীর ভয়াবহ গণহত্যার স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাপস চক্রবর্তী তুষার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও ডা. সুবল চন্দ্র বর্মণ, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. প্রাণ কৃষ্ণ হাওলাদার, কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি নিজাম উদ্দিনসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

বক্তারা বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চ রাত বাঙালি জাতির ইতিহাসে এক গভীর বেদনাবিধুর অধ্যায়। ওই রাতে পাকিস্তানি বাহিনী ‘অপারেশন সার্চলাইট’ নামে পরিকল্পিত অভিযানে ভারী অস্ত্রশস্ত্র নিয়ে নিরস্ত্র ও ঘুমন্ত বাঙালির ওপর ঝাঁপিয়ে পড়ে। তাদের উদ্দেশ্য ছিল বাঙালির স্বাধীনতার সংগ্রাম স্তব্ধ করে দেওয়া। ঢাকা সেনানিবাস থেকে ট্যাংক ও সাঁজোয়া যান নিয়ে বেরিয়ে এসে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল ও ইকবাল হলে নির্বিচারে হত্যাযজ্ঞ চালায় এবং বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ করে।

একই সময়ে পাকিস্তানি সেনারা রাজারবাগ পুলিশ লাইন ও পিলখানায় তৎকালীন ইস্ট পাকিস্তান রাইফেলস সদর দপ্তরে হামলা চালায়। বাঙালি পুলিশ ও ইপিআর সদস্যরা বীরত্বের সঙ্গে প্রতিরোধ গড়ে তোলেন। এই প্রতিরোধই পরবর্তীতে মহান মুক্তিযুদ্ধের সূচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

আলোচনা সভা শেষে ২৫ মার্চের গণহত্যায় শাহাদাতবরণকারী শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। 


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়