Monday, September 8

খালেদা জিয়ার দুই আপিলের শুনানি মঙ্গলবার পর্যন্ত মুলতবি


স্টাফ রিপোর্টার: খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠনকারী বিচারক বাসুদেব রায়ের নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিটে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে দুই আপিলের শুনানি মঙ্গলবার পর্যন্ত মুলতবি করেছে আপিল বিভাগ। সোমবার প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বেঞ্চ এ আদেশ দেন। আদালতে খালেদার পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী এজে মোহাম্মদ আলী। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মাহবুবে আলম। শুনানি শেষে এ মামলার কার্যক্রম মঙ্গলবার পর্যন্ত মুলতবি করা হয়। এর আগে গত ৭ জুলাই খালেদার পক্ষে তার আইনজীবী অ্যাডভোকেট আসাদুজ্জামান ও ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন এ আপিল দায়ের করেন। গত ২৩ এপ্রিল বিচারপতি বোরহান উদ্দিন ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠন বাতিল চেয়ে করা আবেদন খারিজ করে আদেশ দেন। এর আগে গত ২৫ মে খালেদা জিয়ার এ রিট আবেদনের বিষয়ে দ্বিধাবিভক্ত আদেশ দেন হাইকোর্টের বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি ইজারুল হক আকন্দের বেঞ্চ। গত ১২ মে খালেদা জিয়ার পক্ষে অ্যাডভোকেট আসাদুজ্জামান এ রিট আবেদন দায়ের করেন। রিট বিবেচনাধীন থাকা পর্যন্ত মামলা দু’টির বিচারিক কার্যক্রমের ওপর স্থগিতাদেশও চাওয়া হয়।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়