Sunday, February 8

সিলেটে সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট গ্রহণে সব প্রস্তুতি সম্পন্ন--ডিসি সারওয়ার আলম


নিজস্ব প্রতিবেদক ::

সিলেটের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. সারওয়ার আলম বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

তিনি বলেন, “অতীতে কয়েকটি নির্বাচন সুষ্ঠু হয়নি, দিনের ভোট রাতে হয়েছে এমন অভিযোগ ছিল। তবে এবারের নির্বাচন হবে দেশের সেরা নির্বাচন।” এ লক্ষ্যে সকল ভোটারকে নির্বিঘ্নে ভোটকেন্দ্রে গিয়ে নিজের পছন্দের প্রার্থীকে ভোট প্রদানের আহ্বান জানান তিনি।

শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় কানাইঘাট উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে উপজেলা পর্যায়ের সকল দপ্তর প্রধান, নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মো. মেহেদী হাসান শাকিলের সভাপতিত্বে সভায় জেলা প্রশাসক আরও বলেন, প্রতিটি ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হবে। নির্বাচনের দিন সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, র‍্যাব ও আনসারসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কঠোর দায়িত্ব পালন করবেন।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, কেউ যদি ভোটকেন্দ্র দখল, জাল ভোট প্রদান কিংবা ব্যালটে সিল মারার অপচেষ্টা করে, তবে তার কোনো অস্তিত্ব থাকবে না। পাশাপাশি নির্বাচন নিয়ে অপপ্রচার ও গুজবে কান না দেওয়ার আহ্বান জানান জেলা প্রশাসক।

মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেটের পুলিশ সুপার কাজী আখতার উল আলম, মেজর মো. জাযাউল ইহসান চৌধুরী এবং কানাইঘাট সেনা ক্যাম্পের ইনচার্জ আল-আমিন। সভায় সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়