কানাইঘাট নিউজ ডেস্ক :
কানাইঘাট–জকিগঞ্জ আসনে খেজুর গাছ প্রতীকের পক্ষে ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর উত্তর যুবদলের অন্যতম নেতা ও সিলেট বিভাগ জাতীয়তাবাদী ফোরাম ঢাকা’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জনাব বেলাল আহমেদ।
তিনি গত কয়েকদিন ধরে কানাইঘাট উপজেলার ৭, ৮ ও ৯ নং ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে গ্রামান্তরে দিন-রাত গণসংযোগ, উঠান বৈঠক ও জনসভায় অংশ নিয়ে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করছেন। এ সময় তিনি সিলেট–৫ আসনের বিএনপি ও জমিয়তে উলামায়ে ইসলাম মনোনীত প্রার্থী মাওলানা ওবায়দুল্লাহ ফারুক সাহেবের পক্ষে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
বিভিন্ন সভা-সমাবেশে বক্তব্যকালে বেলাল আহমেদ বলেন, কানাইঘাট–জকিগঞ্জের মানুষ দীর্ঘদিন ধরে অবহেলা, বঞ্চনা ও অনুন্নয়নের শিকার। এলাকার রাস্তাঘাটের বেহাল অবস্থা, নদীভাঙন, দুর্বল যোগাযোগ ব্যবস্থা, সীমিত স্বাস্থ্যসেবা ও অবকাঠামোগত সংকট মানুষের দুর্ভোগ বাড়িয়ে তুলেছে। এসব সমস্যা থেকে উত্তরণে পরিবর্তনের কোনো বিকল্প নেই।
তিনি আরও বলেন, আগামী নির্বাচনে খেজুর গাছ প্রতীকের বিজয়ের মাধ্যমে এলাকার সার্বিক উন্নয়ন নিশ্চিত করা হবে। হাওর এলাকার সঙ্গে মূল সড়কের সংযোগ স্থাপন, কৃষকদের উৎপাদিত ফসল সহজে পরিবহন, নদীভাঙন রোধ, গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং হাসপাতাল সংস্কারের মাধ্যমে সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া হবে।
বেলাল আহমেদ বলেন, গত তিন দিন ধরে বিভিন্ন এলাকায় গণসংযোগ চালিয়ে তিনি স্পষ্টভাবে উপলব্ধি করেছেন—কানাইঘাট–জকিগঞ্জের জনগণ পরিবর্তন চায় এবং আগামী জাতীয় সংসদে মাওলানা ওবায়দুল্লাহ ফারুক সাহেবকে তাদের প্রতিনিধি হিসেবে দেখতে চায়। ইতোমধ্যে পুরো এলাকায় খেজুর গাছ প্রতীকের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে।
বিভিন্ন কর্মসূচিতে স্থানীয় নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সর্বস্তরের জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সভা-সমাবেশগুলো প্রাণবন্ত হয়ে ওঠে।
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ইনশাআল্লাহ, আগামী ১২ তারিখে এই গণজোয়ারই খেজুর গাছ প্রতীকের বিজয়ে রূপ নেবে এবং এর মাধ্যমে কানাইঘাট–জকিগঞ্জবাসীর দীর্ঘদিনের প্রত্যাশার প্রতিফলন ঘটবে।

0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়