Friday, April 24

কৃষক আত্মহত্যায় বলিউডে সমালোচনার ঝড়


বিনোদন ডেস্ক,কানাইঘাট নিউজ: ‘ওঁদের যন্ত্রণাটা বুঝুন, দোষারোপ করা বন্ধ করুন’ রাজনৈতিক মহলকে এই বার্তা পাঠাল অভিনেতা মহল। পাঠালেন শাহরুখ খান। সারা দেশে যখন এই নিয়ে তোলপাড় চলছে, তখন চুপ করে নেই বলিউডও। সম্প্রতি এই প্রসঙ্গে ট্যুইটারে মন্তব্য করছেন শাহরুখ খানসহ বর্ষিয়ান অভিনেতা ঋষি কাপুরও। রাজস্থানের কৃষক গজেন্দ্র সিংয়ের প্রকাশ্যে আত্মহত্যা শুধু রাজনৈতিক কারবারীদের নয়, নাড়া দিয়েছে সাধারণ মানুষকেও। দিল্লীর মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সভা চলাকালীন এই ঘটনায় তোলপাড় সারা দেশ। মৃত্যুর যন্ত্রণা নয়, মৃত্যুকে ঘিরে রাজনীতি শুরু হয়ে গেছে চতুর্দিকেই। একে অপরের দিকে দোষারোপের আঙুল তুলে দায় সারতে চাইছে রাজনীতির জগতের মানুষরা। ঠিক তখন অন্য সুরে কথা বললেন বলিউডের কিং খান। বললেন, ‘পরিস্থিতিই দায়ী এই মৃত্যুর জন্য। কারণ একজন মানুষ কখনও নিজে থেকে মৃত্যু বরণ করতে চায় না। কিন্তু যদি কেউ সেটা করে থাকে, তাহলে বুঝতে হবে, কতটা কষ্টের মধ্যে তিনি রয়েছেন যে তাঁকে আত্মহত্যার পথ বেছে নিতে হল।’ অন্যদিকে জমি অধিগ্রহণ নীতিকেই গজেন্দ্রের আত্মহত্যার জন্য দায়ী করেছেন ঋষি কাপুর। তাই সরাসরি জানিয়ে দিয়েছেন, ‘জমি অধিগ্রহণ নীতিতে তিনি সরকার পক্ষের পাশে নেই’। সভা চলাকালীনই গজেন্দ্র আত্মহত্যার হুমকি দিয়েছিলেন। কিন্তু সে কথায় কর্ণপাত করেননি কেউই। এ বিষয়েরও তীব্র সমালোচনা করেছেন তিনি। শিল্পের জন্য কৃষিজমি অধিগ্রহণের বিকল্প খোঁজার কথাও বলেছেন তিনি।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়