নিজস্ব প্রতিবেদক:
সিলেটের কানাইঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ আলহাজ্ব আব্দুল মুমিন চৌধুরী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রবিবার (১ মার্চ) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর। পারিবারিক সূত্রে জানা যায়, তিনি কিছুদিন ধরে অসুস্থ ছিলেন। গত ২৭ ফেব্রুয়ারি সেহরির পর হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় অবশেষে তিনি মৃত্যুবরণ করেন। মরহুমের গ্রামের বাড়ি সিলেটের কানাইঘাট পৌরসভার দূর্লভপুর গ্রামে। তিনি স্ত্রী, দুই ছেলে, তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, সোমবার (২ মার্চ) যুক্তরাষ্ট্র সময় বাদ যোহর নিউইয়র্কের ব্রঙ্কসের পার্কচেস্টার জামে মসজিদে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে লরেল গ্রোভ কবরস্থানে তাঁকে দাফন করা হবে। তিনি নিউইয়র্কে মেয়ের বাসায় বসবাস করতেন।
আব্দুল মুমিন চৌধুরী পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে বিপুল ভোটে কানাইঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। ২০২৪ সালের ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ না করে তিনি যুক্তরাষ্ট্রে চলে যান। এর আগে তিনি পবিত্র উমরা পালন করতে সৌদি আরব সফর করেন।
দীর্ঘদিন তিনি কুয়েত ও কাতারে প্রবাস জীবন কাটান। নব্বইয়ের দশকে কুয়েতে অবস্থানকালে কানাইঘাটসহ সিলেটের বিভিন্ন এলাকার বহু মানুষকে কর্মসংস্থানের সুযোগ করে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। কুয়েত প্রবাসী কমিউনিটিতে তিনি দীর্ঘদিন নেতৃত্ব দেন এবং কুয়েতস্থ জালালাবাদ অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্ব পালন করেন। একজন দানশীল ও মানবিক ব্যক্তিত্ব হিসেবে এলাকায় তাঁর ব্যাপক পরিচিতি ছিল। জীবদ্দশায় তিনি কানাইঘাটের অসংখ্য মসজিদ ও মাদরাসায় ব্যক্তিগত অর্থায়নে সহায়তা প্রদান করেছেন।
রাজনৈতিক অঙ্গনেও তিনি ছিলেন সকল দলের কাছে সম্মানিত ও অমায়িক ব্যক্তি। মৃত্যুর আগে তিনি সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য এবং মহানগর কৃষকলীগের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন।
তাঁর মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে কানাইঘাটসহ বিভিন্ন স্থানে শোকের ছায়া নেমে আসে। তাঁর আত্মার মাগফিরাত কামনায় বিভিন্ন মসজিদ ও মাদরাসায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিভিন্ন মহল গভীর শোক প্রকাশ করেছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।
মরহুম আব্দুল মুমিন চৌধুরীর মৃত্যুতে কানাইঘাটবাসী একজন নিবেদিতপ্রাণ সমাজসেবক ও অভিজ্ঞ রাজনৈতিক অভিভাবককে হারালো। তাঁর অবদান এলাকার মানুষ দীর্ঘদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়