Saturday, February 21

কানাইঘাটে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত


নিজস্ব প্রতিবেদক ::

থাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার মধ্য দিয়ে কানাইঘাটে মহান ২১শে ফেব্রুয়ারি শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।

দিবসের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে কানাইঘাট কেন্দ্রীয় শহিদ মিনারে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে নানা শ্রেণি-পেশার মানুষের ঢল নামে। ভাষা শহিদদের স্মরণে একে একে পুষ্পস্তবক অর্পণ করেন কানাইঘাট উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, পৌর প্রশাসন, থানা পুলিশ, কানাইঘাট প্রেসক্লাব, উপজেলা আনসার ভিডিপি, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, উপজেলা ফায়ার সার্ভিস স্টেশন, পল্লীবিদ্যুৎ জোনাল অফিসসহ বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠন।

সকাল ৮টায় সকল সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। সকাল ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা, শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান শাকিলের সভাপতিত্বে এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাপস চক্রবর্তী তুষারের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় ভাষা আন্দোলনের পটভূমি তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও ডা. সুবল চন্দ্র বর্মণ, কানাইঘাট থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তারা। বক্তারা সর্বক্ষেত্রে বাংলা ভাষার শুদ্ধ চর্চার ওপর গুরুত্বারোপ করেন এবং ১৯৫২ সালের ভাষা আন্দোলনে শাহাদাত বরণকারী শহিদদের আত্মার মাগফিরাত কামনা করেন।

বাদ যোহর কানাইঘাট কেন্দ্রীয় জামে মসজিদে উপজেলা প্রশাসনের উদ্যোগে ভাষা শহিদদের আত্মার মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অন্যান্য ধর্মীয় উপাসনালয়েও বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। দিনব্যাপী বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠন মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়