স্টাফ রিপোর্টার: ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক মির্জা আব্বাস সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, মিছিল মিটিং-এ বাধা দিলে পরিণাম ভয়াবহ হবে।
সোমবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনিস্টিটিউট মিলনায়তনে বিএনপির ৩৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আমরা ক্ষমতায় থাকাকালীন সময়ে আপনাদের মিছিল মিটিং বা সভা সমাবেশে বাধা দেওয়া হয়নি। এখন আমাদেরকেও বাধা দেবেন না। বাধা দেওয়ার ফল ভাল হবে না। এতে নেতাকর্মীদের ধৈর্যের বাধ ভেঙ্গে যাবে।
মির্জা আব্বাস বলেন, জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করে দেশকে বাকশালের হাত থেকে রক্ষা করেছিলেন। এখন আবার দেশের মানুষ বাকশালের হাত থেকে মুক্তি চায়।
বিএনপি নেতাদের উদ্দেশে আব্বাস বলেন, আমাদের অনেক নেতাদের মধ্যে এখনও ১/১১ ভূত রয়ে গেছে। আমরা চাই সকলকে সঙ্গে নিয়ে কাজ করতে। উল্টাপাল্টা করলেই তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এমকে আনোয়ার, ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, সেলিমা রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ড. এমাজউদ্দিন আহমেদ, ড. পিয়াস করিম, ড. মাহবুবুল্লাহ, বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক শিরিন সুলতানা, প্রচার সম্পাদক জয়নাল আবেদীন ফারুক, ওলামা দলের সভাপতি আব্দুল মালেক, ছাত্রবিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী প্রমুখ।
খবর বিভাগঃ
রাজনীতি

0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়