স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ’৭৫ সালের ১৫ আগস্টের হত্যাকাণ্ডে যেমন জিয়াউর রহমান জড়িত ছিলেন, ঠিক তেমনি ২১ আগস্টে হত্যাকাণ্ডে তত্কালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া, তাঁর ছেলে তারেক রহমান ও ওই সময়ের মন্ত্রিপরিষদের সদস্যরা জড়িত ছিলেন।
বৃহস্পতিবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ২১ আগস্ট গ্রেনেড হামলা স্মরণে নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা জানানোর পর তিনি একথা বলেন।
তিনি বলেন, ‘২১ আগস্টে সমাবেশ করার কথা ছিল মুক্তাঙ্গনে। কিন্তু আমাদের রাত ১১টায় একটা কাগজে দলীয় অফিসের সামনে সমাবেশের অনুমতি দেয়। অর্থাত্ এই ষড়যন্ত্রের সঙ্গে বিএনপি সরকার ও তাদের মন্ত্রীরা জড়িত ছিল।’
প্রধানমন্ত্রী বলেন, ২০০৪ সালের এই দিনে এই স্থানে গ্রেনেড হামলায় নিহত হন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেত্রী আইভি রহমানসহ ২৪ জন।শেখ হাসিনাকে হত্যার জন্যই বিএনপি-জামায়াত জোট সরকার আমলে ওই হামলা হয়েছিল বলে পরে তদন্তে উঠে আসে।
বিএনপি-জামায়াত জোট সরকার আমলে ৬১টি জেলার ৫০০টি স্থানে একযোগে বোমা হামলা, জঙ্গি নেতা বাংলাভাইয়ের উত্থান, আওয়ামী লীগ নেতা শাহ এ এম এস কিবরিয়া ও আহসানউল্লাহ মাস্টার হত্যাকাণ্ডের কথা উল্লেখ করেন শেখ হাসিনা।
তিনি আরও বলেন, খুনিদের স্থান বাংলার মাটিতে হবে না। তারা ৩০ লাখ শহীদের আত্মত্যাগ বিসর্জন দিতে চায়। এরা একটা খুনি পরিবার। এই খুনি পরিবার একটা দুর্নীতিবাজ পরিবার।’
আওয়ামী লীগের সভানেত্রী বলেন, ‘শুধু ২১ আগস্ট গ্রেনেড হামলা নয়, এরা একটার পর একটা ঘটনা ঘটিয়েছে। সরকারি মদদ না থাকলে এত বড় ঘটনা হয় না। এরা বহু মানুষকে হত্যা করেছে। তাদের আমলেই বাংলা ভাই গাছে লাশ ঝুলিয়ে রেখেছে। আমাদের অর্থমন্ত্রী কিবরিয়া, সংসদ সদস্য আহসানউল্লাহ মাস্টারকে নির্মমভাবে হত্যা করেছে। তারা সারা দেশকে সন্ত্রাসের জনপদ করেছে।’
“একটার পর একটা ঘটনা তারা ঘটিয়েছে। নানাভাবে সন্ত্রাসী কার্যক্রম চালিয়েছে। গোটা দেশকে তারা সন্ত্রাসের জনপদে পরিণত করেছিল।”
খবর বিভাগঃ
রাজনীতি

0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়