কানিউজ ডেস্ক: থাইল্যান্ডের রক্তপাতহীন সামরিক অভ্যুত্থানের নায়ক জেনারেল প্রাইয়ুথ চান-ওচাকে প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করেছে দেশটির তাবেদার পার্লামেন্ট।
বৃহস্পতিবার সেনাবাহিনীর পক্ষ থেকে মনোনয়ন নিয়ে পার্লামেন্টে বসা ১৯৭ জন সংসদ সদস্য’র সবাই চান-ওচাকে প্রধানমন্ত্রী হিসেবে অনুমোদন দেন।
গত ২২ মে গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রা সরকারকে ক্ষমতাচ্যুত করেন ৬০ বছর বয়সি জেনারেল প্রাইয়ুথ। বিরোধীদলগুলোর সঙ্গে প্রধানমন্ত্রী ইংলাকের কয়েক মাস ধরে টানাপড়েন ও রাজনৈতিক অস্থিতিশীলতা চলার পর ওই সামরিক অভ্যুত্থান হয়।
আজ সেনাপ্রধানকে প্রধানমন্ত্রী হিসেবে অনুমোদন দেয়ার জন্য আনুষ্ঠানিকতা হিসেবে সেনা-মনোনিত পার্লামেন্টে ভোটাভুটি হয়। মাত্র ১৫ মিনিটের পার্লামেন্ট অধিবেশনে প্রধানমন্ত্রী হিসেবে একজনই প্রার্থী ছিলেন। এখন রাজা ভূমিবল আদুলইয়াদেজের অনুমোদন পেলেই প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করতে পারবেন জেনারেল প্রাইয়ুথ।
সামরিক জান্তা প্রধানের পক্ষ থেকে দেশের সর্বময় ক্ষমতা গ্রহণের এ প্রচেষ্টাকে পর্যবেক্ষকরা সংশয়ের দৃষ্টিতে দেখছেন। ২২ মে’র অভ্যুত্থানের পর সামরিক বাহিনী ২০১৫ সালের শেষভাগে দেশে নির্বাচন দেয়ার যে প্রতিশ্রুতি দিয়েছিল জেনারেল প্রাইয়ুথের আজকের পদক্ষেপের মাধ্যমে তা বাস্তবায়নের সম্ভাবনা কমে এল। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করার পরও সেনাপ্রধানের পদ ধরে রাখার ঘোষণা দিয়েছেন জেনারেল প্রাইয়ুথ।
খবর বিভাগঃ
দেশের বাইরে

0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়