Thursday, August 21

এশিয়ান গেমস ফুটবলে বি গ্রুপে বাংলাদেশ


স্পোর্টস রিপোর্টার, ঢাকা: আগামী ১৪ সেপ্টেম্বর থেকে দক্ষিণ কোরিয়ার ইনচনে শুরু হচ্ছে ১৭তম এশিয়ান গেমস-এর ফুটবল খেলা। বাংলাদেশ জাতীয় ফুটবল দল উক্ত গেমসে অংশগ্রহণ করছে। ২১ আগস্ট এশিয়ান গেমস ফুটবলের ড্র অনুষ্ঠিত হয়। বাংলাদেশ বি গ্রুপে প্রতিদ্বন্দ্বীতা করবে। বি গ্রুপের দলগুলো হলো: উজবেকিস্তান, হংকং, আফগানিস্তান ও বাংলাদেশ। ১৫ সেপ্টেম্বর সোমবার বাংলাদেশ তাদের প্রথম খেলায় মুখোমুখি হবে হংকংয়ের। আগামী ১৮ সেপ্টেম্বর উজবেকিস্তান এবং ২২ সেপ্টেম্বর আফগানিস্তানের মোকাবেলা করবে লাল-সবুজ পতাকাধারীরা। এবার ৮ গ্রুপে মোট ২৯টি দেশ ফুটবল ইভেন্টে অংশ নেবে। প্রতিটি গ্রুপ থেকে দুটি করে দল দ্বিতীয় রাউন্ডে উঠবে। এশিয়ান গেমস ফুটবলে বাংলাদেশের বলার মতো প্রাপ্তি নেই। এ পর্যন্ত খেলা ১৭ ম্যাচে তারা জিতেছে মাত্র দুটি ম্যাচে। এবার অবশ্য গ্রুপ পর্বে ভালো কিছুর প্রত্যাশা আছে বাংলাদেশের। কোচ লোডভিক ডি ক্রুইফ ও রেনে কোস্টারের অধীনে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বা বিকেএসপিতে লম্বা সময় ধরে প্রস্তুতি নিচ্ছেন মামুন-ওয়াহেদরা। এশিয়ান গেমসের প্রস্তুতি হিসেবে নেপালের সঙ্গে ম্যাচের আয়োজনও করেছে বাফুফে। দুটি প্রস্তুতি ম্যাচ খেলতে ২৫ আগস্ট বাংলাদেশে আসছে নেপাল দল। ২৬ আগস্ট আর্মি স্টেডিয়ামে ও ২৯ অগাস্ট সিলেট জেলা স্টেডিয়ামে হবে ম্যাচ দুটি। এরপরই ইনচনের উদ্দেশ্যে রওনা দেয়ার পরিকল্পনা আছে অনূর্ধ্ব-২৩ ফুটবল দলের। এরই মধ্যে এশিয়ান গেমসের জন্য ২০ জনের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। দলে সিনিয়র ফুটবলারদের কোটায় নেয়া হয়েছে আতিকুর রহমান মিশু, মো. মামুনুল ইসলাম মামুন ও জামাল ভূইয়াকে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়