Thursday, February 7

!! কানাইঘাটে জামায়াত-শিবিরের ৭ নেতাকর্মী গণপিটুনীর শিকার !!

নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাটে হরতাল চলাকালে পিকেটিং করতে গিয়ে ৭ জামায়াত-শিবিরের নেতাকর্মী স্থানীয় জনতার হাতে বেধড়ক গণপিটুনীর খবর পাওয়া গেছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, জামায়াতের ডাকে আজকের হরতালের সমর্থনে লাঠিসোটা নিয়ে ৮/১০ জন জামায়াত শিবিরের নেতাকর্মী কানাইঘাট-দরবস্ত সড়কের বিষ্ণুপুর মুরখীপুলের পাশে অবস্থান নিয়ে পিকেটিং শুরু করলে এক পর্যায়ে বেলা ১২টার সময় সশস্ত্র জামায়াত শিবিরের নেতাকর্মীরা সিএনজি চালিত অটোরিক্সা আটকিয়ে যাত্রীদের জোরপূর্বক ভাবে নামিয়ে দেয়। এ সময় যাত্রীদের সাথে পিকেটারদের ধস্তাধস্তি হলে স্থানীয় লোকজন একত্রিত হয়ে জামায়াত শিবিরের নেতাকর্মীদের ধরে তাদের হাতের লাঠি ছিনিয়ে নিয়ে বেধড়ক পিটিয়ে আহত করে। হামলায় আহতরা হলেন জামায়াত নেতা জাকারিয়া, শহীদ উদ্দিন, শিবির নেতা আবুল খয়ের, আব্দুল মুমিন, দেলোয়ার, আমিন, শহীদুল্লাহ। এসময় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে আসার আগে আহত জামায়াত শিবিরের নেতাকর্মীরা পালিয়ে যায়। এ ঘটনায় জামায়াতের নেতাকর্মীরা আ’লীগকে দায়ী করেছে। এদিকে জামায়াতের ডাকা ২য় দিনের হরতাল কানাইঘাটে ঢিলেঢালা ভাবে পালিত হয়েছে। মনসুরিয়া মাদ্রাসা পয়েন্টসহ কিছুস্থানে সকাল ১১টা পর্যন্ত জামায়াত শিবির নেতাকর্মীদের বিচ্ছিন্ন ভাবে পিকেটিং করতে দেখা গেছে। পুলিশের তৎপরতায় কোন ধরণের নাশকতামূলক কর্মকান্ড ঘটেনি।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়