প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যবসাকে কেবল টাকা তৈরির কারখানা না বাণীয়ে নিয়মিত কর দেয়া ও দেশের কল্যাণে চিন্তা করার জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, আপনারা অবশ্যই ব্যবসা করবেন। তবে দেশ সম্পর্কেও আপনাদের ভাবতে হবে। আপনাদের উপার্জন দেশের বাইরে নেয়ার কোন প্রয়োজন নেই। আমরা প্রচুর পরিমাণ দেশি ও বিদেশী বিনিয়োগ চাই। ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের (এফবিসিসিআই) পরিচালনা পরিষদের নবনির্বাচিত সদস্যবৃন্দ গতকাল বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাতকালে শেখ হাসিনা একথা বলেন। নবনির্বাচিত নেতৃবৃন্দ ফুলের তোড়া দিয়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান। এফবিসিসিআই সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদ, সদ্য বিদায়ী সভাপতি এ কে আজাদ, সিনিয়র সহ-সভাপতি মনারা হাকিম আলী, নতুন সহ-সভাপতি মো. হেলাল উদ্দিন, আসিফ ইব্রাহিম, আবদূর রাজ্জাক, সেলিম ওসমান, আবদুল হক, প্রবীর কুমার সাহা অন্যান্যের মধ্যে অনুষ্ঠানে বক্তৃতা করেন।
শিল্প, ব্যবসা-বাণিজ্যের বিভিন্ন সেক্টর থেকে আসা পরিচালকবৃন্দ এসব খাতের উন্নয়নে শিল্পের বিদ্যমান অবস্থা তুলে ধরে বেশ কিছু সুপারিশ পেশ করেন। তারা সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ ও শিল্প বাণিজ্যের উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন ও তাঁর সরকারের নেয়া ব্যবস্থার প্রশংসা করেন। প্রধানমন্ত্রী বলেন, দেশকে স্বাধীনভাবে দাঁড়াতে সহায়তা করতে উন্নয়নের ক্ষেত্রে সব বাঁধা অপসারণে তাঁর সরকার নিরলস প্রয়াস চালিয়ে যাচ্ছে। তিনি বলেন, জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) দেশে বিদ্যুৎ কেন্দ্র স্থাপন ও গ্যাস সঞ্চালনের জন্য ইতোমধ্যে ৫টি প্রকল্প অনুমোদন করেছে। শিল্প বিদ্যুৎ ও গ্যাসের নীরবচ্ছিন্ন সরবরাহের জন্য ব্যবসায়ী নেতৃবৃন্দের দাবি সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, বিগত ৪ বছরে ৫৪টি বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এছাড়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনেরও চুক্তি হয়েছে। ব্যবসায়ী নেতৃবৃন্দ তাঁর দলের নির্বাচনী অঙ্গীকার পূরণে ১৯৭১ সালে মানবতাবিরোধী অপরাধীদের বিচারের কাঠগোড়ায় দাঁড় করতে সফল প্রচেস্টার জন্য শেখ হাসিনাকে ধন্যবাদ জানান। তারা রাজধানীতে এফবিসিসিআই'র নতুন ভবন নির্মাণের জন্য জমি বরাদ্দের প্রধানমন্ত্রীকে অনুরোধ জানান। নেতৃবৃন্দ যথেচ্ছা ব্যবহার বন্ধে ফরমালিন আমদানির একক কর্তৃত্ব বাংলাদেশ ট্রেডিং কর্পোরেশন কর্তৃপক্ষকে দেয়ার আহ্বান জানান।(ফেয়ার নিউজ)

0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়