নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাট উপজেলা শ্রমিকলীগের আহবায়ক ও কানাইঘাট ট্রাক-শ্রমিক আঞ্চলিক পরিষদের সাধারণ সম্পাদক জসিম উদ্দিনসহ পরিবহন এবং পাথর ব্যবসায়ী ও শ্রমিকদের জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে কানাইঘাট লোভাছড়া পাথর কোয়ারীর সর্বস্তরের ব্যবসায়ী ট্রাক, ট্র্যাক্টর শ্রমিক সমিতির যৌথ উদ্যোগে এক প্রতিবাদ সভা আজ বৃহস্পতিবার বিকাল ৩টায় স্থানীয় মুলাগুল বাগান বাজারে অনুষ্ঠিত হয়। এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, পাথর ব্যবসায়ী, শ্রমিক ইউনিয়ন নেতৃবৃন্দের উপস্থিতিতে প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট পাথর ব্যবসায়ী আব্বাস উদ্দিন। ট্র্যাক্টর শ্রমিক সমিতির সভাপতি আলাউদ্দিনের পরিচালনায় সভায় বক্তারা বলেন, সম্প্রতি কতিপয় পত্রিকায় অসৎ উদ্দেশ্যে শ্রমিকলীগের আহবায়ক জসিম উদ্দিন, পাথর ব্যবসায়ী লিটনসহ পরিবহন শ্রমিক পাথর ব্যবসায়ীদের জড়িয়ে যে সংবাদ প্রকাশিত হয়েছে তা এলাকার সর্বস্তরের মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও পাথর ব্যবসায়ীরা বলেন, শুষ্ক মৌসুমে নদী পথ শুকিয়ে যাওয়ার কারণে দীর্ঘ কয়েক বছর ধরে লোভাছড়া পাথর কোয়ারী থেকে সুরাইঘাট বাজার পর্যন্ত সংযোগ সড়কের কালিজুরী ও নূন নদীতে পাইপের মাধ্যমে পানি নিষ্কাশনের ব্যবস্থা রেখে মাটির বাঁধ দিয়ে স্থানীয় জনসাধারণের সহায়তায় পাথর ব্যবসায়ী, ট্রাক, ট্র্যাক্টর ও শ্রমিকরা কয়েক লক্ষ টাকা নিজেরা ব্যয় করে কোয়ারী থেকে দেশের বিভিন্ন স্থানে পরিবহনের মাধ্যমে পাথর সরবরাহ করে আসছেন। এতে একদিকে এলাকায় সড়ক যোগাযোগ স্থাপনের মাধ্যমে মানুষের দূর্ভোগ লাঘব, এলাকার শত শত দরিদ্র শ্রমিকদের কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে। অপর দিকে পাথর ব্যবসায়ীরা লক্ষ লক্ষ টাকার পাথর বিক্রি করে লাভবান হচ্ছেন এবং সরকার পাচ্ছে বড় অংকের রাজস্ব। ব্যবসায়ী, পরিবহন ও পাথর শ্রমিকদের বিরুদ্ধে এ রাস্তা থেকে চাঁদা আদায়ের যে অভিযোগ এনে সংবাদ প্রকাশিত হয়েছে তা সম্পূর্ণ উদ্দেশ্যমূলক বলে দাবী করেন। এ ধরণের ভিত্তিহীন অভিযোগ কেউ প্রমাণ করতে পারলে পাথর ব্যবসায়ী, পরিবহন মালিক শ্রমিকরা এর দায়ভার বহন করবে বলে জানান। এলাকার বৃহত্তর স্বার্থে এ ধরণের অপপ্রচার থেকে কতিপয় মহলকে বিরত থাকার জন্য আহবান জানান। প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন পাথর ব্যবসায়ী ফখরুদ্দীন চৌধুরী, কামাল মেম্বার, বীরমুক্তিযোদ্ধা আব্দুল মতিন কটই, হাজী বিলাল, কামাল উদ্দিন, আহাদ হোসেন, জসিম উদ্দিন, জমসেদ আহমদ, আব্দুল লতিফ, আলিম উদ্দিন মেম্বার, ট্র্যাক্টর সমিতির সাধারণ সম্পাদক শামীম আহমদ, সেলিম উদ্দিন, দিপক, ট্রাক আঞ্চলিক সমিতির সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন, অর্থ সম্পাদক মকবুল চৌধুরী প্রমুখ।

0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়