Friday, January 11

অনির্দিষ্টকালের জন্য রোকেয়া বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা

উপাচার্যের পদত্যাগের দাবিতে ছাত্র-শিক্ষকদের আন্দোলনের মধ্যে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। গত বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনে অ্যাকাডেমিক কাউন্সিলের জরুরি সভায় এই সিদ্ধান্ত হয় বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক শাহজাহান আলী মণ্ডল। এর আগে সকালে উপাচার্যের পদত্যাগ দাবিতে আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের নামধারীরা হামলা চালায়। এর প্রতিবাদে আন্দোলনকারীরা অনশনে বসলে সন্ধ্যায় কর্মসূচির ওপর নিষেধাজ্ঞ আরোপ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন, এরপর বন্ধের সিদ্ধান্ত নেয়।



নিবন্ধক শাহজাহান বলেন, অ্যাকাডেমিক কাউন্সিলের জরুরি সভায় বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার‌্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। উপাচার্য আব্দুল জলিল মিয়ার অনুপস্থিতে এই জরুরি সভায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরসহ অ্যাকাডেমিক কাউন্সিলের সদস্যরা উপস্থিত ছিলেন। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ তলব করায় উপাচার‌্য বর্তমানে ঢাকায় রয়েছেন। বিশ্ববিদ্যালয়ে বন্ধ ঘোষণা করলেও রাত পর‌্যন্ত আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীরা অনশন চালিয়ে যাচ্ছিলেন। ক্যাম্পাসে পুলিশসহ ব্যাপক সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতোয়েন আছে। সচেতন শিক্ষক সমাজের নেতা ও মুক্তিযুদ্ধের চেতনায় সম্মিলিত শিক্ষক সমাজের আহ্বায়ক এম হাফিজুর রহমান বলেন, আমাদের শিক্ষক-শিক্ষার্থীরা হামলার শিকার হয়েছেন। এখন আর আন্দোলন থেকে সরে আসার সুযোগ নেই। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।সন্ধ্যায় ক্যাম্পাসে সব ধরনের মিছিল, সমাবেশ, ধর্মঘট, মানববন্ধন এবং অনশন কর্মসূচি অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ করে কর্তৃপক্ষ। কর্তৃপক্ষের ওই আদেশ প্রত্যাখ্যান করেই আন্দোলনকারী শিক্ষক-শিক্ষার্থীরা অনশন চালিয়ে যেতে থাকেন।



বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের পদত্যাগ দাবিতে আন্দোলনরত শিক্ষকদের ওপর সকালে হামলা হয়। ছাত্রলীগের নাম নিয়ে ওই হামলাকারীরা হাতবোমা বিস্ফোরণের পাশাপাশি অ্যাসিডও ছোড়ে বলে আন্দোলনকারীদের অভিযোগ। এতে আহত হয়েছেন ১৮ জন, এর মধ্যে দুই শিক্ষকের চোখের ওপরে ও মুখমণ্ডল অ্যাসিডে ঝলসে গেছে। এতে গুরুতর আহত ড. তুহিন ওয়াদুদ ও মতিউর রহমানকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। উপাচার্যের পদত্যাগসহ চারটি দাবিতে গত কিছু দিন ধরে 'সচেতন শিক্ষক সমাজ' ব্যানারে আন্দোলন চালিয়ে আসছিল শিক্ষকদের একাংশ। এরপর 'সম্মিলিত ছাত্রসমাজ' ব্যানারে তাদের সঙ্গে যোগ দেয় শিক্ষার্থীরা। আন্দোলনকারীরা গত শনিবার থেকে উপাচার্যের কার্যালয়ের সামনে মঞ্চ করে কর্মসূচি চালিয়ে আসছিল। গত বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের সামনে ওই মঞ্চে অবস্থান ধর্মঘটের সময় শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলা হয়।(ফেয়ার নিউজ)




শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়