নিজস্ব প্রতিবেদক:
সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মুফতি আবুল হাসান-কে অভিনন্দন জানিয়ে সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বিএনপি ও জমিয়ত মনোনীত নিকটতম পরাজিত প্রার্থী মাওলানা উবায়দুল্লাহ ফারুক।
শুক্রবার সকালে নিজের ফেসবুক পেইজে দেওয়া এক পোস্টে তিনি মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করে বলেন, আল্লাহর অশেষ মেহেরবানীতে অত্যন্ত শান্তিপূর্ণ ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি নির্বাচন সম্পন্ন হয়েছে। পুরো প্রক্রিয়া শান্তি ও সৌহার্দ্যের মধ্য দিয়ে শেষ হওয়ায় তিনি সন্তোষ প্রকাশ করেন। তিনি জমিয়ত ও বিএনপির নেতাকর্মী, সমর্থক এবং শুভানুধ্যায়ীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান। যারা সময়, শ্রম ও মেধা দিয়ে পাশে ছিলেন এবং ভোটের মাধ্যমে উলামায়ে কেরামের প্রতি ভালোবাসা ও আস্থা প্রকাশ করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই বলেও উল্লেখ করেন তিনি। এই আস্থাকে তিনি ‘অমূল্য আমানত’ হিসেবে আখ্যায়িত করেন।
নির্বাচনে জয়-পরাজয় স্বাভাবিক উল্লেখ করে মাওলানা উবায়দুল্লাহ ফারুক বলেন, তারা বিজয়ের খুব কাছাকাছি পৌঁছেছিলেন, তবে অল্প ব্যবধানে কাঙ্ক্ষিত ফল হাতছাড়া হয়েছে। এতে হতাশ হওয়ার কিছু নেই বলেও মন্তব্য করেন তিনি। কানাইঘাট-জকিগঞ্জের উন্নয়ন ও সমৃদ্ধির জন্য ‘খেজুর গাছ’ প্রতীকের গুরুত্ব জনগণের সামনে তুলে ধরার চেষ্টা করেছেন উল্লেখ করে প্রচারণায় কোনো ত্রুটি থাকলে সেজন্য ক্ষমা প্রার্থনা করেন। এ সময় তিনি এলাকার বরেণ্য আলেম-উলামাদের অকুণ্ঠ সমর্থন ও দোয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিশেষ করে হযরত মাওলানা মুহাম্মদ বিন ইদরিস লক্ষ্মীপুরী, মাওলানা আলীমুদ্দীন দূর্লভপুরী, মাওলানা শফীকুল হক শুরাইঘাটি, মাওলানা আব্দুল মুসব্বীর আইয়োরী ও মাওলানা শামসুদ্দীন দূর্লভপুরী-সহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানান এবং তাদের জন্য দোয়া কামনা করেন।
বিজয়ী প্রার্থী মুফতি আবুল হাসান-কে আন্তরিক মোবারকবাদ জানিয়ে তিনি আশা প্রকাশ করেন, কানাইঘাট-জকিগঞ্জের দীর্ঘদিনের বঞ্চনা ও অবহেলা দূর করতে নবনির্বাচিত সংসদ সদস্য সক্রিয় ও দূরদর্শী ভূমিকা রাখবেন এবং এলাকার উন্নয়ন-সমৃদ্ধিতে অগ্রণী ভূমিকা পালন করবেন। সবশেষে তিনি বলেন, তাদের জীবন ইসলাম, দেশ ও মানুষের কল্যাণে নিবেদিত। নির্বাচন একটি অধ্যায় মাত্র; আদর্শিক ও নৈতিক সংগ্রাম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন সবাইকে হক ও ন্যায়ের পথে অবিচল থাকার তাওফিক দান করেন,এ দোয়া করেন তিনি।

0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়