Saturday, January 31

জকিগঞ্জ-কানাইঘাটকে মডেল উপজেলা গড়ার অঙ্গীকার চাকসু মামুনের


নিজস্ব প্রতিবেদক ::

শান্তি ও সাম্য প্রতিষ্ঠার মাধ্যমে জকিগঞ্জ ও কানাইঘাট উপজেলার সার্বিক উন্নয়ন করা হবে বলে জানিয়েছেন সিলেট-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী ও সিলেট জেলা বিএনপির সাবেক প্রথম সহ-সভাপতি মামুনুর রশীদ (চাকসু মামুন)।

তিনি বলেন, “ভোট হলো একটি পবিত্র আমানত। জনগণ যদি সেই পবিত্র আমানত দিয়ে আমাকে নির্বাচিত করে, তবে এই অঞ্চলে পরিকল্পিত ও টেকসই উন্নয়ন বাস্তবায়ন করা হবে। সবার সহযোগিতা নিয়ে জকিগঞ্জ ও কানাইঘাটকে দেশের একটি মডেল এলাকা হিসেবে গড়ে তুলতে চাই।”

শনিবার বিকেলে জকিগঞ্জ উপজেলার কালীগঞ্জ বাজারে ফুটবল মার্কা নির্বাচনী কার্যালয় উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। উদ্বোধন শেষে চাকসু মামুনের নেতৃত্বে কালীগঞ্জ বাজারে একটি মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়।

পথসভায় তিনি আরও বলেন, “ফুটবল মার্কার গণজোয়ার দেখে একটি মহল পরিকল্পিতভাবে অপপ্রচার ও ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তবে জনগণ ভোটের মাধ্যমেই এসব ষড়যন্ত্রের উপযুক্ত জবাব দেবে।”

তিনি অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে এই অঞ্চলে দৃশ্যমান কোনো উন্নয়ন হয়নি। ফলে যোগাযোগ ব্যবস্থা, নদীভাঙন, শিক্ষা ও স্বাস্থ্যসেবাসহ প্রতিটি খাতেই চরম দুরবস্থা বিরাজ করছে। এসব সমস্যা সমাধানে জনগণের সমর্থন ও সহযোগিতা একান্ত প্রয়োজন।

চাকসু মামুন বলেন, “জনগণই সকল ক্ষমতার উৎস। জকিগঞ্জ-কানাইঘাটের জনগণই আগামী দিনের নেতৃত্ব নির্ধারণ করবে। আপনারা পাশে থাকলে আমার জয় কেউ ঠেকাতে পারবে না। কারণ জনগণের রায়ের চেয়ে বড় কোনো শক্তি নেই। আমি এই অঞ্চলের মানুষের দোয়া ও ভালোবাসা নিয়েই বাঁচতে চাই।”

এ সময় উপস্থিত ছিলেন সদ্য বহিষ্কৃত জকিগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইসমাঈল হোসেন সেলিম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাসান আহমদ, সদস্য রিপন আহমদ, জকিগঞ্জ পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস শাকুর, কানাইঘাট উপজেলা বিএনপির সহ-সভাপতি ওয়েছ আহমদসহ দলীয় নেতাকর্মীরা।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়