Wednesday, May 13

সহসাই দেশে ফেরা হচ্ছে না সালাহ উদ্দিনের


ঢাকা: দুই মাসেরও বেশি সময় পর খোঁজ মিলেছে বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদের। তবে সহসাই দেশে ফেরা হচ্ছে না তার। অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতের মেঘালয়ে এই বিএনপি নেতার বিরুদ্ধে মামলা করেছে দেশটির পুলিশ। সেই মামলার বিচার অথবা দুই দেশের সরকার পর্যায়ে আলোচনা এবং সমঝোতার জন্য অপেক্ষা করতে হবে এখন। নিখোঁজের ৬৩ দিন পর গতকাল সালাহ উদ্দিন আহমেদকে আটক করে হাসপাতালে ভর্তি করে মেঘালয় পুলিশ। এরপর করা হয় মামলা। সূত্র জানায়, এই বিএনপি নেতার বিরুদ্ধে মামলা হওয়ায় এর প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত তিনি বাংলাদেশে আসতে পারবেন না। এর আগে নারায়ণগঞ্জে সাত খুনের মামলার প্রধান আসামি নূর হোসেনের বিরুদ্ধেও অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মামলা হয়। যেকারণে এক বছরেরও বেশি সময় পার হলেও দেশে ফেরত আনা যায়নি নূর হোসেনকে। দুই দেশের মধ্যে বন্দিবিনিময় চুক্তি হলেও আইনি প্রক্রিয়া শেষেই কেবল সেটি বাস্তবায়ন হবে বলে জানিয়েছেন সরকারের এক উচ্চপদস্থ কর্মকর্তা। পুলিশ প্রধান এ কে এম শহীদুল হক সাংবাদিকদের জানিয়েছেন, সালাহ উদ্দিন আহমেদ পলাতক আসামি। তাকে গ্রেপ্তারের অপেক্ষায় আছেন তারা। আর বিএনপি নেতার ভারতে অবস্থানের বিষয়টি নিশ্চিত হওয়ায় তাকে ফিরিয়ে আনতে ইন্টারপোলের সহায়তা নেবেন তারা। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ভারতে সালাহ উদ্দিনের বিরুদ্ধে মামলা পর্যবেক্ষণের পাশাপাশি দুই দেশের সরকার পর্যায়ে এ নিয়ে আলোচনা চলবে। ২০১৩ সালের ৭ অক্টোবর ফৌজদারি মামলায় বিচারাধীন বা দণ্ডপ্রাপ্ত আসামি বিনিময়ের সুযোগ রেখে বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রস্তাবিত বহিঃসমর্পণ চুক্তি (বন্দিবিনিময় চুক্তি) অনুসমর্থনের প্রস্তাব অনুমোদন দেয় বাংলাদেশ। এ চুক্তি অনুযায়ী বাংলাদেশ ও ভারত দুই দেশ অনুমতিক্রমে এক দেশ থেকে অন্য দেশে বন্দিবিনিময় করতে পারবে। নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বলেন, ‘বন্দিবিনিময় চুক্তির আওতায় সালাহ উদ্দিন আহমদকে ঢাকায় আনা যাবে। তবে সেদেশের আইনি প্রক্রিয়া শেষ হতে হবে।’ এজন্য সময় লাগবে বলে তিনি জানান। এদিকে সালাহ উদ্দিন আহমেদের কাছে যেতে ভারতীয় দূতাবাসে ভিসার জন্য আবেদন করেছেন তার স্ত্রী হাসিনা আহমদ, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবিহ উদ্দিন আহমেদ ও হাসিনা আহমেদের ছোট বোন জামাই। গতকাল বিকালে আবেদন করলেও বুধবার দুপুর পর্যন্ত তারা ভিসা পায়নি বলে জানা গেছে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়