Thursday, March 5

দলমতের ঊর্ধ্বে উঠে সবাইকে নিয়ে উন্নয়ন করতে চাই: কানাইঘাটে এমপি মুফতি আবুল হাসান


নিজস্ব প্রতিবেদক ::

সিলেট ৫(কানাইঘাট-জকিগঞ্জ) আসনের সংসদ সদস্য খেলাফত মজলিস নেতা মুফতি আবুল হাসান বলেছেন, আল্লাহ তাআলা পবিত্র রমজান মাস আমাদের ওপর অর্পণ করেছেন যেন আমরা তাকওয়ার মাধ্যমে নিজেদের পরিশুদ্ধ করতে পারি এবং সমাজ ও রাষ্ট্রে ন্যায়-ইনসাফ প্রতিষ্ঠা করতে সক্ষম হই। আল্লাহর ভয় মানুষের অন্তরে জাগ্রত থাকলে সমাজে কোনো ধরনের অন্যায়, দুর্নীতি ও অবিচার টিকে থাকতে পারে না।

বুধবার (৪ মার্চ) বিকেল ৫টায় কানাইঘাট উপজেলার পৌর শহরের আজিজ কনভেনশন হলে উপজেলা ও পৌর খেলাফত মজলিসের উদ্যোগে আয়োজিত “রমজানের তাৎপর্য ও বর্তমান প্রেক্ষাপট” শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

কানাইঘাট উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আমানুর রশিদ চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা আমিমুল এহসানের পরিচালনায় অনুষ্ঠিত এ মাহফিলে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

নবনির্বাচিত সংসদ সদস্য মুফতি আবুল হাসান বলেন, কানাইঘাট-জকিগঞ্জ এলাকা উন্নয়নের দিক থেকে দীর্ঘদিন ধরে পিছিয়ে রয়েছে। নির্বাচিত হওয়ার পর থেকেই তিনি এলাকার বিভিন্ন সমস্যা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরেছেন। বিশেষ করে কুশিয়ারা ও সুরমা নদীর ভয়াবহ ভাঙন, কানাইঘাটের বুরহান উদ্দিন সড়কসহ গুরুত্বপূর্ণ সড়কগুলোর বেহাল অবস্থা, স্বাস্থ্যসেবার সংকট এবং শিক্ষা ব্যবস্থার নানা সমস্যা সমাধানে তিনি উদ্যোগ নিয়েছেন। এসব বিষয়ে তিনি বাণিজ্য মন্ত্রী, প্রবাসী কল্যাণ মন্ত্রী ও পানি সম্পদ প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে আলোচনা করেছেন বলেও জানান। পানি সম্পদ প্রতিমন্ত্রী শহিদ উদ্দিন এ্যানি এমপি নদীভাঙন কবলিত এলাকা পরিদর্শনের আশ্বাস দিয়েছেন বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, এলাকার উন্নয়নে দলমতের ঊর্ধ্বে উঠে সবাইকে নিয়ে কাজ করতে চান। বুরহান উদ্দিন সড়কের কাজের অগ্রগতি হয়েছে এবং শিগগিরই কাজ শুরু হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। পাশাপাশি আরও বেশ কয়েকটি উন্নয়নমূলক কাজ বাস্তবায়নের পথে রয়েছে বলে জানান তিনি।

মুফতি আবুল হাসান জোর দিয়ে বলেন, কানাইঘাট-জকিগঞ্জে কোনো ধরনের অনিয়ম ও দুর্নীতি বরদাস্ত করা হবে না। আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে আরও সক্রিয় ভূমিকা রাখার জন্য তিনি দুটি থানার পুলিশ প্রশাসনের প্রতি নির্দেশনা প্রদান করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা খেলাফত মজলিসের সহ-সভাপতি মাওলানা মখলিছুর রহমান, সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা শিব্বির আহমদ, কানাইঘাট প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও সিলেট প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক এম. এ. হান্নান, পৌর জামায়াতে ইসলামীর আমির মাওলানা আব্দুল করিম, জামায়াত নেতা এ. কে. এম. ওলি উল্লাহ, দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লোকমান আহমদ, কানাইঘাট পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, পৌর জামায়াতের সেক্রেটারি মাওলানা ইকবাল আহমদ এবং বাংলাদেশ খেলাফত মজলিসের কানাইঘাট শাখার সভাপতি হাফিজ ইসলাম উদ্দিন। 

এছাড়া পৌর খেলাফত মজলিসের সভাপতি আব্দুর রহমান, সাধারণ সম্পাদক মাওলানা জাকারিয়া ও উপজেলা ছাত্র মজলিসের সভাপতি জিসান আহমদসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

ইফতার মাহফিলে বিএনপি, জামায়াত ও খেলাফত মজলিশের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, জনপ্রতিনিধি, প্রেসক্লাব নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো মানুষ উপস্থিত ছিলেন।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়