স্পোর্টস রিপোর্টার,ঢাকা:মেট্রোপলিটন মহিলা ক্রিকেট লিগের দ্বিতীয় সেমিফাইনালে জয় পেয়েছে আবাহনী লিমিটেড। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তারা খেলাঘর সমাজ কল্যানকে ৮ উইকেটে হারিয়েছে ।
টসে জিতে খেলাঘরের ক্যাপ্টেন রিতু মনি আবাহনীকে ফিল্ডিংয়ের আমন্ত্রন জানান। ৪০ ওভারের ম্যাচে খেলাঘরের হয়ে ব্যাটিং সূচনা করতে আসেন সানজিদা ইসলাম এবং আশফিয়া আলম। দুই ওপেনার দলীয় ১২ রানের মাথায় বিদায় নেন।
তিন নম্বরে নামা খেলাঘরের ক্যাপ্টেন রিতু মনি করেন ইনিংস সর্বোচ্চ ৩১ রান। এছাড়া দ্বিতীয় সর্বোচ্চ রান আসে অতিরিক্ত খাত থেকে (১৬ রান)। ১২ রান করে আউট হন সোহেলী আখতার। ব্যাটিং ব্যর্থতার পরিচয় দিয়ে আর কোনো ব্যাটার দুই অঙ্কের ঘরে যেতে পারেন নি।
৩৭.৪ ওভার ব্যাট করে অল আউট হওয়ার পরে খেলাঘরের সংগ্রহ দাঁড়ায় মাত্র ৮১ রান। আবাহনীর হয়ে ৭ ওভার বল করে ১৫ রান খরচায় ৩ উইকেট নেন লতা মন্ডল। এছাড়া দুটি করে উইকেট নেন খাদিজাতুল কুবরা এবং সানদিহা ইসলাম আশা। নির্ধারিত ৪০ ওভারে ৮২ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নামেন আবাহনীর মুনতাহা খাতুন এবং শারমিন সুলতানা। মুনতাহা ব্যক্তিগত ১ রানে সাজঘরে ফিরলেও আরেক ওপেনার শারমিন ৫১ রান করে অপরাজিত থেকে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। ৮১ বল মোকাবেলা করে সাতটি চারের সাহায্যে নিজের দ্বিতীয় ব্যক্তিগত অর্ধশতক করেন শারমিন।
লতা মন্ডলের ২২ রানের সুবাদে দুই উইকেট হারিয়ে ২৬.৪ ওভার ব্যাট করে আবাহনী লক্ষ্যে পৌঁছে যায়। খেলাঘরের হয়ে একটি করে উইকেট নেন তৃপ্তি ও সোহেলী। ম্যাচ সেরা নির্বাচিত হন শারমিন সুলতানা।
খবর বিভাগঃ
খেলাধুলা

0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়