Sunday, February 3

:: এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু ::

আজ রোববার থেকে দেশের ২ হাজার ৭৫৮টি কেন্দ্রে একযোগে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু। এবার অংশ নেয় ১৩ লাখ ৩ হাজার ২০৩ জন শিক্ষার্থী।আজ সকাল ১০টা থেকে ১টা পর্যন্ত বাংলা প্রথম পত্র, সহজ বাংলা প্রথম পত্র এবং বাংলা ভাষা ও বাংলাদেশের সংস্কৃতি প্রথম পত্রের পরীক্ষা । তত্ত্বীয় পরীক্ষা চলবে ৫ মার্চ পর্যন্ত। এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় শিক্ষার্থী কমেছে ১ লাখ ১৬ হাজার ৮৫৪ জন। গত বছর ১৪ লাখ ২০ হাজার ৫৭ জন শিক্ষার্থী এই পরীক্ষায় অংশ নিয়েছিল।



শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সাংবাদিকদের জানান, ২০১০ সালে যারা প্রথম জেএসসি-জেডিসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল, তারাই এবার এসএসসি ও সমমানের পরীক্ষা দেবে। এর কারণেই পরীক্ষার্থীর সংখ্যা এবার কিছুটা কমেছে। তিনি বলেন, আগে অষ্টম শ্রেণিতে কোনো ধরনের বাছাই ছাড়াই শিক্ষার্থীরা নবম শ্রেণিতে ভর্তি হতো। ওই পর্যায়ে এখন বাছাই হয় বলে পরীক্ষার্থী কমেছে। তবে ধীরে ধীরে বিষয়টি স্থিতিশীল হয়ে আসবে বলে আশা প্রকাশ করেন মন্ত্রী।



শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এ বছর এসএসসি, দাখিল ও কারিগরির ১৩ লাখ ৩ হাজার ২০৩ জন পরীক্ষার্থীর মধ্যে ৬ লাখ ৬৮ হাজার ২৬৮ জন ছাত্র এবং ৬ লাখ ৩৪ হাজার ৯৩৫ জন ছাত্রী। এর মধ্যে আটটি সাধারণ বোর্ডের অধীনে এসএসসিতে ৯ লাখ ৮৯ হাজার ৮১৭ পরীক্ষার্থীর মধ্যে ৪ লাখ ৮৮ হাজার ৪৮২ জন ছাত্র এবং ৫ লাখ ১ হাজার ৩৩৫ জন ছাত্রী। দাখিলে ২ লাখ ২৫ হাজার ২৬ পরীক্ষার্থীর মধ্যে ১ লাখ ১৫ হাজার ৬৬২ জন ছাত্র ও ১ লাখ ৯ হাজার ৩৬৪ জন ছাত্রী। এছাড়া কারিগরি বোর্ডে ৬৪ হাজার ১২৪ জন ছাত্র এবং ২৪ হাজার ২৩৬ জন ছাত্রী মিলিয়ে মোট ৮৮ হাজার ৩৬০ জন শিক্ষার্থী এবার এসএসসি পরীক্ষা দেবে। এবছর ২৭ হাজার ৬৩টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছে। দেশের বাইরে জেদ্দা, রিয়াদ, ত্রিপলি, দোহা, আবুধাবি, দুবাই ও বাহরাইন কেন্দ্রে মোট ২৯৩ জন শিক্ষার্থী রয়েছে।



বাংলা দ্বিতীয় পত্র, ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্র, গণিত ও উচ্চতর গণিত ছাড়া এবার সব বিষয়ের পরীক্ষা হবে সৃজনশীল প্রশ্নে।

দৃষ্টি প্রতিবন্ধী, সেরিব্রাল পালস জনিত প্রতিবন্ধী এবং হাত নেই- এমন পরীক্ষার্থীরা শ্রুতি লেখক সঙ্গে নিয়ে পরীক্ষা দিতে পারবে। তাদের জন্য অতিরিক্ত ২০ মিনিট সময় দেয়া হবে। ৫ মার্চ তত্ত্বীয় পরীক্ষা শেষে ৬ থেকে ১২ মার্চ পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা হবে। খাতা দেখা শেষে মে মাসেই ফল প্রকাশ করার আশা করছে শিক্ষা মন্ত্রণালয়।(ফেয়ার নিউজ)




শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়