Thursday, January 17

কানাইঘাটে প্রেমিকাকে জোরপূর্বকভাবে উঠিয়ে নেওয়ার সময় প্রেমিকসহ ৩জন শ্রীঘরে

নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাট উপজেলার ৫নং বড়চতুল ইউপির মালিগ্রাম থেকে গত বুধবার রাত অনুমানিক সাড়ে ৮টার দিকে প্রেমিক কর্তৃক প্রেমিকাকে তার নিজ বাড়ী থেকে অটোরিক্সা যোগে জোরপূর্বকভাবে পালিয়ে নিয়ে যাবার সময় প্রেমিকসহ তার দুই সহযোগীকে স্থানীয় লোকজন আটক করে পুলিশের হাতে সোপর্দ করেছেন। এ ঘটনায় প্রেমিকার ভাই বাদী হয়ে ঐদিন রাতে কানাইঘাট থানায় ৩জনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন। পুলিশ প্রেমিকাকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করার জন্য সিলেট ওমেক হাসপাতালের ওসিসি বিভাগে ভর্তি করেছে। জানা যায়, কানাইঘাট পৌরসভার দলই মাটি গ্রামের সাবেক ইউপি সদস্য আলাউর রহমান (আলাই)র পুত্র নোহা চালক রুবেল আহমদ (২৩) এর সাথে মালিগ্রামের সফর আলীর মেয়ে হাজিরা বেগম (১৬) এর দুই বছর ধরে মন দেওয়া নেওয়া চলছিল। বিয়ের প্রলোভন দেখিয়ে প্রেমিক রুবেল আহমদ প্রেমিকা হাজিরা বেগমের সাথে শারিরিক সম্পর্ক গড়ে তুলে। হাজিরার পরিবার থেকে বিয়ের প্রস্তাব দেওয়া হলে প্রেমিক রুবেল বার বার বিষয়টি এড়িয়ে যায়। এ নিয়ে প্রেমিক জুটির মধ্যে মনোমালিন্যের সৃষ্টি হয়। গত বুধবার রাত সাড়ে ৮টার দিকে প্রেমিক রুবেল তার দুই বন্ধু বড়চতুল গ্রামের নুরুল আমিনের পুত্র অটোরিক্সা চালক মাহিম (২৫) এবং বাউরভাগ নয়াগ্রামের খলিলুর রহমানের পুত্র রুবেল উদ্দিন (২৪) কে সাথে নিয়ে হাজিরা বেগমের বাড়ীতে হানা দেয়। এক পর্যায়ে তারা জোরপূর্বকভাবে হাজিরা বেগমকে অটোরিক্সায় উঠিয়ে পালিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করলে তার আর্ত্মচিৎকারে বাড়ীর ও আশপাশের লোকজন এগিয়ে এসে প্রেমিক রুবেলসহ তার দুই সহযোগীকে অটোরিক্সাসহ আটক করেন। পরবর্তীতে পুলিশকে খবর দেওয়া হলে থানার এস.আই.মাসুদ পারভেজ ঘটনাস্থলে গিয়ে এ ৩ জনকে আটক এবং ভিকটিম হাজিরা বেগমকে থানায় নিয়ে আসেন। রুবেল আহমদ প্রভাবশালী পরিবারের সদস্য হওয়ায় তাকে থানা থেকে ছাড়িয়ে নেওয়ার তদবিরও চলে। রাতেই প্রেমিক হাজিরা বেগমের ভাই ফয়াজ আহমদ তার বোনকে রুবেল আহমদ কর্তৃক একাধিকবার ইচ্ছার বিরুদ্ধে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ এবং অপহরণের অভিযোগ এনে থানায় বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে অভিযোগ দায়ের করলে পুলিশ অভিযোগটি এফ.আই.আর করে। থানার মামলা নং- (১৩) ১৬/০১/২০১৩ইং। গ্রেফতারকৃত প্রেমিক রুবেল কানাইঘাট বাজার ব্যবসায়ী সমিতির সেক্রেটারী ও আলোচিত পাথর ব্যবসায়ী হাজী আব্দুল মালিকের শ্যালক। সে দোলাভাই হাজী আব্দুল মালিকের বাসায় থেকে তার প্রাইভেট নোহা গাড়ী চালাতো। এব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা এস.আই.মাসুদ পারভেজের সাথে কথা হলে তিনি বলেন, প্রেমিক রুবেলসহ ৩জনের বিরুদ্ধে মামলা হয়েছে এবং গতকাল তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। ভিকটিম হাজিরা বেগমকে ডাক্তারি পরীক্ষার জন্য ওসমানী হাসপাতালের ওসিসিতে প্রেরণ করা হয়েছে।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়