সিলেট: পথচারীদের পারাপারের সুবিধার্তে সিলেট মহানগরীতে প্রথমবারে মতো নির্মিত হচ্ছে ফুটওভার ব্রিজ। নগরীর ব্যস্ততম ও যানজটপ্রবণ এলাকা কোর্ট পয়েন্টে এই ফুট ওভারব্রিজ নির্মাণের কাজ শুরু হয়েছে। অর্থমন্ত্রীর বিশেষ কোটা থেকে প্রাপ্ত বরাদ্দ থেকে সিলেট সিটি করপোরেশন এই প্রকল্পটি বাস্তবায়ন করছে। প্রকল্প বাস্তবায়নে সহযোগিতা করছে বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশনের চিটাগং ড্রাই ডক লিমিটেড।
গত ফ্রেবুয়ারি মাসে অনুমোদনপ্রাপ্ত সম্পূর্ণের স্টিল স্টাকচার দিয়ে নির্মিতব্য এই ফুট ওভারব্রিজে নির্মাণে ব্যয় হবে প্রায় দেড় কোটি টাকা। এদিকে সিলেট জেলা পরিষদের অর্থায়নে নগরীর সুরমা মার্কেট পয়েন্টে নির্মিত হচ্ছে আরেকটি ওভারব্রিজ। কিছুদিনের মধ্যে সেটির কাজও শুরু হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
সিলেট সিটি করপোরেশন সূত্রে জানা যায়, গত বছর সিটি করপোরেশন এলাকার ৪টি স্থান ও প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য অর্থমন্ত্রী তার বিশেষ কোটা থেকে বরাদ্দ প্রদান করেন। সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের পুনঃনির্মাণ, ভোলানন্দ নৈশ উচ্চ বিদ্যালয়, বর্ণমালা প্রাথমিক বিদ্যালয় ও কোর্ট পয়েন্টে ফুট ওভার ব্রিজ নির্মাণের জন্য অর্থমন্ত্রী ওই বরাদ্দ প্রদান করেন। তন্মধ্যে প্রথম তিনটি উন্নয়ন কাজ আগেই বাস্তবায়িত হয়েছে। বাকি থাকা ফুট ওভার ব্রিজ প্রকল্পের কাজও গত শুক্রবার তেকে অবশেষে শুরু হয়েছে।
সিটি করপোরেশন সূত্র জানায়, সিলেট নগরীর জিন্দাবাজার ও আম্বরখানা পয়েন্টেও ফুট ওভার ব্রিজ নির্মাণের পরিকল্পনা রয়েছে সিসিকের। তবে জিন্দাবাজার ও আম্বরখানায় ফুট ওভারব্রিজের সিঁড়ি নির্মাণের জায়গা না থাকায় আপাতত সে স্থান দুটিতে ফুট ওভার ব্রিজ হচ্ছে না।
সূত্র জানায়, ফুট ওভার ব্রিজ মূলত সরকারি ব্যবস্থাপনাতেই হয়ে থাকে। সিলেটে নির্মিতব্য ফুট ওভারব্রিজটিও সরকারি ব্যবস্থাপনায় হচ্ছে। এ ফুট ওভারব্রিজ নির্মাণ প্রকল্প কাজের জন্য কোনো টেন্ডার আহবান করা হয়নি। সরকারি কোনো কাজ সরকারি প্রতিষ্ঠানের তত্ত্বাবধায়ন করার জন্য টেন্ডার প্রয়োজন হয় না বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। তাছাড়া এ ধরনের কাজ করার জন্য সিলেটে এক্সপার্টও নেই। যে কারণে বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশনের চিটাগং ড্রাই ডক লিমিটেড প্রকল্পের নির্মাণ কাজে রয়েছে।
সূত্র জানায়, কোর্ট পয়েন্টে নির্মিতব্য ফুট ওভারব্রিজটির সিঁড়ি থাকবে ৬টি। ছয় দিক থেকেই পথচারীরা ব্রিজটি ব্যবহার করতে পারবেন। কোর্ট পয়েন্টের ট্রাফিক পয়েন্টটিই হবে ওভারব্রিজটির মূল কেন্দ্র। কোর্ট পয়েন্টস্থ সেন্ট্রাল মার্কেটের সামন, মধুবন মার্কেটের সামন এবং কালেক্টরেট মসজিদের সামনে সরকারি সড়কে থাকবে ফুট ওভারব্রিজের ভিত্তি। ইতোমধ্যে ওভারব্রিজ নির্মাণের লে আউট সম্পন্ন করা হয়েছে। প্রকল্পটি বাস্তবায়ন করতে সংশ্লিষ্ট লোকজন সিলেটে অবস্থান করছেন। ওভারব্রিজের পুরো স্টিল বডি চিটাগং ড্রাই ডকে নির্মিত হবে।
এ ব্যাপারে সিলেট সিটি করপোরেশনে সহকারি ইঞ্জিনিয়ার অরবিন্দ দেব জানান, ফুট ওভারব্রিজ নির্মাণের লে আউট সম্পন্ন হয়েছে। গত শুক্রবার থেকে সংশ্লিষ্টরা সিভিল ফাউন্ডেশনের কাজ শুরু করেছেন।
সিসিকের নির্বাহী প্রকৌশলী নুর আজিজুর রহমান জানান, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের বিশেষ কোটার বরাদ্দ থেকেই সিলেটের ফুটওভারব্রিজটি নির্মিত হচ্ছে। তিনি জানান, সরকারি কাজ সরকারি প্রতিষ্ঠানের তত্ত¡াবধানে করার জন্য টেন্ডারের প্রয়োজন হয় না।
সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব বলেন, প্রকল্পটি শেষ হতে এক-দেড় মাস সময় লাগতে পারে। নগরীর আম্বরখানা, কদমতলি, জিন্দাবাজারেও এরকম ফুট ওভার ব্রিজ নির্মাণের পরিকল্পনা সিসিকের রয়েছে।

0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়