Thursday, April 16

বাংলাদেশে অত্যাধুনিক মানের হাসপাতাল নির্মাণ করতে চায় ইরান


ঢাকা: ইরান বাংলাদেশে একটি অত্যাধুনিক মানের রেড ক্রিসেন্ট হাসপাতাল নির্মাণে আগ্রহ প্রকাশ করেছে। প্রয়োজনীয় জমি বরাদ্দ পেলে তারা শিগগিরই কাজ শুরু করতে চায়। বৃহস্পতিবার বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত ড. আব্বাস ভায়েজি সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিমের সাথে সাক্ষাত করতে এসে এ আগ্রহের কথা জানান। একই সাথে রাষ্ট্রদূত বাংলাদেশ ও ইরানের মধ্যে একটি চিকিৎসা শিক্ষা সহযোগিতা বিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষরের জন্যেও দেশটির আগ্রহের কথা জানান। বৈঠকে রাষ্ট্রদূত দুই দেশের মাঝে বিদ্যমান দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরে বলেন, স্বাস্থ্যখাতে দুই দেশ অতীতে একসাথে কাজ করেছে। বাংলাদেশ থেকে পূর্বে ইরানে নিয়মিত চিকিৎসক যেত, এমনকি তেহরান বিশ্ববিদ্যালয় থেকেও অনেক বাংলাদেশি উচ্চতর ডিগ্রি লাভ করেছে। তিনি বাংলাদেশ থেকে ইরানে নিয়মিত চিকিৎসক ও নার্স নেওয়ার প্রক্রিয়া শুরু করার জন্য মোহাম্মদ নাসিমকে অনুরোধ জানিয়ে বলেন, প্রয়োজনে ইরান থেকেও চিকিৎসক এবং বিশেষজ্ঞ বাংলাদেশে চিকিৎসা দিতে পাঠানো যেতে পারে। এতে দুই দেশই লাভবান হবে। স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশ ও ইরানের একই ধর্মীয় সংস্কৃতির কথা উল্লেখ করে বলেন, ইরানের সমৃদ্ধ ইতিহাস ও ঐতিহ্যের প্রতি বাংলাদেশের জনগণের শ্রদ্ধা ও আগ্রহ আছে। এই দুই দেশ একত্রে কাজ করলে দুই দেশের আর্থ-সামাজিক উন্নতি ত্বরান্বিত হবে। বাংলাদেশের ওষুধের আন্তর্জাতিক মানের গুণগত দিক তুলে ধরে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ বর্তমানে বিশ্বের ১০০টিরও বেশি দেশে ওষুধ রপ্তানি করছে। ইরান বাংলাদেশ থেকে ওষুধ আমদানি করলে সাশ্রয়ী মূল্যে বিশ্বমানসম্মত ওষুধ পেতে পারে। এসময়ে ইরানের রাষ্ট্রদূত মন্ত্রীর এই প্রস্তাব সক্রিয়ভাবে বিবেচনা করার আশ্বাস প্রদান করে বাংলাদেশের কয়েকটি ওষুধ শিল্প প্রতিষ্ঠান পরিদর্শনের আগ্রহ প্রকাশ করেন। একই সাথে রাষ্ট্রদূত বাংলাদেশে মেডিকেল কলেজগুলোতে আগামী শিক্ষাবর্ষ থেকে আরো অধিক ছাত্র ভর্তির সুযোগ প্রদানে মন্ত্রীর সদয় বিবেচনা কামনা করেন। রাষ্ট্রদূত স্বাস্থ্যমন্ত্রীকে ইরান সফরের আমন্ত্রণ জানালে মন্ত্রী সাদরে তা গ্রহণ করেন। শিগগিরই আনুষ্ঠানিক আমন্ত্রণ পাঠানো হবে বলে রাষ্ট্রদূত জানান।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়