ঢাকা: ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন, ভারত ও বাংলাদেশের মধ্যে দীর্ঘদিনের ছিটমহল বিনিময় সমস্যা সমাধানে বাস্তবমুখী পদক্ষেপ নেয়া হচ্ছে।
বাংলাদেশের ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ১৩ এপ্রিল কলকাতায় মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকালে মমতা একথা বলেন। আজ বৃহস্পতিবার ঢাকায় সরকারি এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা বলা হয়।
মুখ্যমন্ত্রীর সঙ্গে ঘণ্টাব্যাপী এক বৈঠকে ছিটমহল ইস্যু প্রাধান্য পায়। এই ইস্যুর শিগগিরই সমাধান হবে বলে ব্যানার্জি বাংলাদেশের ভূমিমন্ত্রীকে আশ্বাস দেন। একই সঙ্গে তিনি তার বাংলাদেশ সফরকালে আতিথেয়তার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানান।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বাংলা ভাষাকে জাতিসংঘের একটি দাপ্তরিক ভাষায় পরিণত করার লক্ষ্যে বাংলাদেশের উদ্যোগের প্রতি পূর্ণ সমর্থন জানান।
কলকাতায় এক প্রশ্নের জবাবে শামসুর রহমান শরীফ বলেন, বাংলাদেশ সন্ত্রাসীদের আশ্রয় দেয় না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন।
খবর বিভাগঃ
সারাদেশ

0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়